বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত ৪ কোটি ২৪ লাখ ছাড়াল

ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ তথ্য বলছে, বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪ কোটি ২৪ লাখ ছাড়িয়েছে। শনিবার সকাল পর্যন্ত সারা বিশ্বে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৩৬৫ জনে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী- প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১১ লাখ ৪৯ হাজার ২৩৮ জন। পাশাপাশি ভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ৩ কোটি ১৪ লাখ ২৭ হাজার ৬৬১ ব্যক্তি। করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, দক্ষিণ এশিয়ার দেশ ভারত এবং ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। মোট করোনা আক্রান্তের অর্ধেকের বেশি এই তিন দেশে।
সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যার দিক দিয়ে বিশ্বে প্রথমে রয়েছে আমেরিকা। এখনও ব্যাপক হারে সেখানে করোনার বিস্তার হচ্ছে। দ্রুত আক্রান্তের পাশাপাশি মৃত্যুও থেমে নেই। দেশটিতে করোনায় আক্রান্ত ৮৭ লাখ ৪৬ হাজার ছাড়িয়েছে এবং ২ লাখ ২৯ হাজার ৮৪ জন মৃত্যুবরণ করেছেন।
এদিকে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশ ভারতে মোট আক্রান্ত ৭৮ লাখ ১৪ হাজারেরও বেশি মানুষ এবং মারা গেছেন ১ লাখ ১৭ হাজার ৯৯২ জন। তৃতীয় সর্বোচ্চ ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিলে মোট শনাক্ত রোগী ৫৩ লাখ ৫৫ হাজারেরও বেশি এবং মৃত্যু হয়েছে ১ লাখ ৫৬ হাজার ৫২৮ জনের।




