
বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ার পেছনে পর্নগ্রাফিকে বড় কারণ উল্লেখ করে তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আইন কঠোর করলেই সমস্যার চূড়ান্ত সমাধান হবে না।
রবিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বক্তব্যে এই অভিমত প্রকাশ করেন। অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ৬ আলোকিত সাংবাদিককে সম্মাননা প্রদান করা হয়।
প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, জাতীয় প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শাহেদ চৌধুরী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব শাবান মাহমুদ সভায় বক্তব্য রাখেন।
হাছান মাহমুদ বলেন, ইন্টারনেটের মাধ্যমে আমাদের কিশোররা-তরুণরা নানাভাবে পর্ন সাইট থেকে শুরু করে সব জায়গায় প্রবেশ করতে পারে। যদিও সরকার অনেকগুলো পর্ন সাইট বন্ধ করে রেখেছে, কিন্তু অন্য কোনো সাইটের মাধ্যমে সেগুলোতে ঢুকতে পারে।
তিনি বলেন, সেখানে অন্য বিনোদনের প্লাটফর্ম আছে, যা আমাদের দেশের মুল্যবোধের সাথে সাংঘর্ষিক। যেগুলো আমাদের ছেলে-মেয়েরা দেখে থাকে এবং সেগুলো দেখে আমাদের ছেলে-মেয়েরা প্রভাবিত হয়। আজকের এই ঘটনাগুলোর পেছনে এটা একটি বড় কারণ।
তথ্যমন্ত্রী বলেন, ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে আইন কঠোর করার দাবি উঠেছে। তা করার আশ্বাসও সরকারের কাছ থেকে এসেছে। তবে আইন কঠোর করলেই সমস্যার চূড়ান্ত সমাধান হবে না।
তিনি বলেন, আমি মনে করি, আইন কঠোর করে বা আইন প্রয়োগ করে এটি থেকে মুক্ত করা সহজ কাজ নয়। এটির জন্য আমাদের মনোজগতের পরিবর্তন আনা প্রয়োজন।




