আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনা নিয়ে হাসপাতালের বাইরে এসে বিতর্কে ট্রাম্প

করোনা আক্রান্ত হয়ে ওয়াল্টার রিড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার কাউকে কিছু না বলে হঠাৎ হাসপাতালের বাইরে বেরিয়ে সমর্থকদের চমকে দেন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, কালো মাস্ক পরা ট্রাম্প বিলাসবহুল গাড়িতে হাসপাতাল থেকে বেরিয়ে সমর্থকদের হাত নেড়ে অভিবাদনের জবাব দিচ্ছেন। গাড়ির সামনের সিটে যে দুজন বসে আছেন, তারাও মাস্ক পরা।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে (বাংলাদেশ সময় শুক্রবার সকালে) ট্রাম্প টুইট করে জানান, তিনি ও তার স্ত্রীর করোনাভাইরাসের রিপোর্ট পজিটিভ এসেছে।
সমর্থকদের চাঙা করতে রবিবার এমন কাণ্ড ঘটান ট্রাম্প, যাতে বিতর্কের মুখে পড়েছেন তিনি। এ ঘটনায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন বলে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
ট্রাম্প হাসপাতালে ভর্তি হওয়ার পর তার সমর্থকেরা হাসপাতালের সামনে জড়ো হন। তাদের দেখা দিতেই শরীরে করোনা নিয়ে বের হয়ে যান মার্কিন প্রেসিডেন্ট।
বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্পের প্রটোকলে নিয়োজিত গোয়েন্দারাও করোনা ঝুঁকির মধ্যে পড়ে যাবে।
তবে হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডেরে বলেন, ‘সুরক্ষার বিষয়ে মেডিকেল টিমের নিশ্চয়তা পাওয়ার পর রবিবার গাড়িতে চড়েন ট্রাম্প।’
বিশেষজ্ঞদের ভাষ্য, ‘কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় এ সংক্ষিপ্ত শোভাযাত্রার মাধ্যমে ট্রাম্প জনস্বাস্থ্য নিয়ে পরামর্শ ভঙ্গ করেছেন। তার নিরাপত্তায় থাকা কর্মীদেরও আক্রান্ত হওয়ার ঝুঁকিতে ফেলে দিয়েছেন।’
ওয়াল্টার রিড হাসপাতালেরই এক চিকিৎসক জেমস ফিলিপস বলেন, ‘প্রেসিডেন্টের গাড়ি শুধু বুলেটপ্রুফই নয়, কোনো ধরনের রাসায়নিক হামলা থেকেও সুরক্ষিত। তবে এখনো কোনো চিকিৎসা ব্যবস্থা না থাকা করোনা সংক্রমণের ঝুঁকি থেকেই যায়।’
তিনি জানান, ট্রাম্পের সঙ্গে গাড়িবহরে যারা ছিলেন তারা অসুস্থ হওয়ার ঝুঁকির মধ্যে আছেন। তাদের উচিত ১৪ দিনের জন্য কোয়ারেন্টাইনে চলে যাওয়া।
এদিকে ডেমোক্র্যাট নেতারাও ট্রাম্পের এ শোভাযাত্রার সমালোচনা করেছেন। প্রতিনিধি পরিষদ সদস্য হাকিম জেফরিস এক টুইটে লেখেন, ‘আমাদের দরকার নেতৃত্ব, ফটোসেশন নয়।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button