দেশের প্রতি উপজেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র হবে: দুর্জয়

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এ এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন, বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে যুব প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।
তিনি বুধবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভায় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
নাঈমুর রহমান দুর্জয় আরো বলেন, মানিকগঞ্জের শিবালয়ে অর্থনৈতিক জোন ও হাইটেক পার্ক নির্মাণকাজ শেষ হলে লক্ষাধিক মানুষের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে অর্থনৈতিক জোন ও হাইটেক পার্ক নির্মাণের কাজের অনুমোদন দিয়েছেন জাতীয় একনেক কমিটি।
তিনি বলেন, করোনার ভ্যাকসিন আবিষ্কার হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বপ্রথম বাংলাদেশে তা আনার ব্যবস্থা করছেন। এখনো করোনায় আক্রান্ত হয়ে মানুষ মারা যাচ্ছে। তাই সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
এ সময় জেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান জনি, যুবলীগের সদস্য মনিরুল ইসলাম খান মনি বক্তব্য রাখেন।




