বলিউডের জনপ্রিয় অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন পৃথ্বী’শ!

ক্রিকেট তারকাদের সঙ্গে বিনোদন জগতের তারকাদের সম্পর্কে জড়ানো নতুন নয়। ভারতের টাইগার পতৌদি-শর্মিলা ঠাকুর থেকে বিরাট কোহলি-আনুশকা শর্মার কথা বলা যেতে পারে। এই তালিকায় বুঝি এবার নতুন নাম যোগ হচ্ছে। ভারতের তরুণ তারকা ব্যাটসম্যান পৃথ্বী শ বলিউডের জনপ্রিয় এক অভিনেত্রীর প্রেমে মজেছেন বলে জোর গুঞ্জন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আইপিএল খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে পৃথ্বী। সেখানেই তিনি দিল্লি ক্যাপিটালস দলের হয়ে মাঠ কাঁপাতে প্রস্তুতি নিচ্ছেন। এর মাঝেই বলিউড অভিনেত্রী প্রাচী সিংয়ের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন চরমে।
আসলে পৃথ্বীর ইনস্টাগ্রামে প্রাচী সিংয়ের কমেন্ট থেকে সেই ইঙ্গিত পেয়েছেন ভক্তরা। আর এই নিয়েই এখন সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যমে।
নিজের ফিটনেস চর্চা থেকে শুরু করে ব্যাট হাতে মাঠে নেমে পড়া। সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিও পোস্ট করে থাকেন পৃথ্বী। সব ভিডিওতে একটি মিল রয়েছে। পৃথ্বী কোনো ভিডিও পোস্ট করলে কমেন্ট করতে মিস করেন না প্রাচী সিং।
পৃথ্বী শয়ের একটি পোস্টে এক অন্তরঙ্গ কমেন্ট করেছেন প্রাচী সিং। সেই কমেন্টের পরই পৃথ্বী-প্রাচীর হাত ধরে পুনরায় ক্রিকেট ও সিনে দুনিয়ার মিলন হতে চলেছে বলে গুঞ্জন। দুই তারকা অবশ্য এই নিয়ে প্রকাশ্য এখনো কোনো মন্তব্য করেননি।
তা কি মন্তব্য করেছেন প্রাচী? পৃথ্বীর এক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘তোমার ঐ মিষ্টি হাসিটা আমি মিস করি।’ পৃথ্বী লজ্জা পাওয়ার ইমোজি ব্যবহার করে প্রাচীকে রিপ্লাই করেন। দুজনের এই কথোপকথনের পরই পৃথ্বী-প্রাচীকে নিয়ে গুঞ্জন শুরু।
২০১৮ সালে পৃথ্বীর নেতৃত্বেই অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপ জিতেছিল ভারত। এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফরম্যান্সের জন্য পৃথ্বী বরাবরই লাইমলাইটে। এখন পর্যন্ত ভারতের হয়ে ৪টি টেস্ট ও ৩টি ওয়ানডে খেলেছেন পৃথ্বী।




