
রাজধানীর গুলশানে ফুটপাতজুড়ে ফেলে রাখা নির্মাণসামগ্রী জব্দ করে সেখানেই নিলামে তুলেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
সোমবার ডিএনসিসির মেয়র আতিকুল ইসলামের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
শুরুতে গুলশানের ৮৬ নম্বর সড়কে যান মেয়র। সেখানে একটি নির্মাণাধীন ভবনের সামনে রডসহ নির্মাণসামগ্রী রাখা হয়েছিল ফুটপাতে।
দায়িত্বশীল কাউকে না পেয়ে রডগুলো জব্দ করা হয়। পরে তা নিলামে তোলেন ডিএনসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা আবদুল হামিদ মিয়া।
তিনি বলেন, গুলশান এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে ফুটপাতজুড়ে ফেলে রাখা নির্মাণসামগ্রী নিলামে তোলার বিষয়ে অভিযান চলছে।
আবদুল হামিদ মিয়া বলেন, একযোগে তিনটি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছে। এ অভিযান চলমান থাকবে।
এ সময় মেয়র আতিকুল বলেন, সরকারি রাস্তা কাউকে দখল করে রাখতে দেওয়া হবে না। প্রতি সপ্তাহে একদিন রাজধানীর বিভিন্ন এলাকায় এ অভিযান চলবে।
হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এটা চলবে। যেখানেই রাস্তা ও ফুটপাতে নির্মাণসামগ্রী পাওয়া যাবে, জব্দ করে নিলামে তোলা হবে।’




