বিশ্বে করোনা থেকে সুস্থ এক কোটি ৮০ লাখ মানুষ

আরও এক কোটি পূরণের দিকে এগিয়ে চলছে করোনা থেকে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যা। ইতিমধ্যে বিশ্বজুড়ে এক কোটি ৮০ লাখের বেশি মানুষ করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে।
শুরু থেকে করোনা সংক্রান্ত পরিসংখ্যান প্রকাশ করে আসা ওয়ার্ল্ডোমিটার ইনফো জানায়, মঙ্গলবার বাংলাদেশ সময় রাত নয়টা পর্যন্ত বিশ্বজুড়ে করোনাকে জয় করেছেন এক কোটি ৮০ লাখ ১২ হাজার মানুষ।
পুরা বিশ্বে এখন পর্যন্ত ৫ লাখ ৫৬ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছেন। আক্রান্তের সংখ্যা ২ কোটি ৫৭ লাখের বেশি।
আক্রান্ত ও মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে সুস্থ হয়ে উঠা মানুষের সংখ্যাও বেশি। দেশটিতে মারা যান এক লাখ ৮৭ হাজারের বেশি মানুষ আর আক্রান্ত ছাড়িয়ে গেছে ৬২ লাখ। এর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৩৪ লাখ ৫৮ হাজার।
আক্রান্ত ও মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৩১ লাখ মানুষ। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৯ লাখের বেশি মানুষ। এর মধ্যে মৃতের সংখ্যা এক লাখ ২১ হাজার ছাড়িয়ে গেছে।
আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে থাকা ভারতে সুস্থ হয়ে উঠেছেন ২৮ লাখ ৭২ হাজারের বেশি মানুষ। দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩৭ লাখ ৩৩ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা প্রায় ৬৬ হাজার।
বাংলাদেশে এখন পর্যন্ত দুই লাখ ৮ হাজারের বেশি করোনা রোগী সুস্থ হয়ে উঠেছেন। আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন। এর মধ্যে মারা গেছেন ৪ হাজার ৩১৬ জন।




