রাজনীতিশিরোনাম

করোনায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা ইসমাইল হোসেন বেঙ্গল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। তিনি রাজধানীর গ্রীন লাইফ হাসপাতালে সোমবার দুপুর ১টা ৩০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইসমাইল হোসেনের বড় ছেলে ইব্রাহিম ইবনে ইসমাইল (কমল) বিষয়টি নিশ্চিত করেছেন।
ইসমাইল হোসেন বেঙ্গল তার কর্মজীবনে রাজনীতিবিদ ও ব্যবসায়ী ছিলেন।তিনি মুক্তিযোদ্ধা সংসদের অন্যতম প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।পরে সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন।বর্তমানে তিনি জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা সংসদের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত ছিলেন।এছাড়াও তিনি বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা প্রজন্মের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসমাইল হোসেন বেঙ্গল রাজনৈতিক জীবন শুরু করেন সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ গঠিত প্রথম দল জনদলের মাধ্যমে।তিনি জনদলের প্রথম প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক ছিলেন।১৯৮৮ সালের নির্বাচনে তিনি সাবেক চাঁদপুর-৬ (বর্তমান চাঁদপুর-৪)ও ঢাকা-১০ (রমনা) আসনে জাতীয় পার্টির মনোনয়ন পান।১৯৯১ সালের নির্বাচনে জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করেন।পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দিয়ে দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।
ইসমাইল হোসেন বেঙ্গল চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নে জন্মগ্রহন করেন।মহান মুক্তিযুদ্ধের সময় তিনি ঢাকার বেঙ্গল প্লাটুনের কমান্ডার ছিলেন।স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য বঙ্গবন্ধু তাকে বেঙ্গল উপাধিতে ভূষিত করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী,তিন ছেলে, এক মেয়ে রেখে গেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button