
শ্রীলঙ্কার প্রভাবশালী পরিবারের সিনিয়র সদস্য মাহিন্দা রাজাপাকসে চতুর্থবারের মতো দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন। প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের সামনে রবিবার সকালে শপথ নেন তিনি।
করোনার ভেতর আয়োজিত এই শপথ অনুষ্ঠানে অতিথিদের মাস্ক পরে আসতে দেখা গেছে। তবে মাহিন্দা এবং তার ছোট ভাই গোতাবায়ার মুখে মাস্ক ছিল না।
এবারের সংসদ নির্বাচনে দুই ভাইয়ের দল শ্রীলঙ্কা পিপলস ফ্রন্ট দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে। দেশটির সাংবিধানিক পরিবর্তনের জন্য এই ‘সুপার মেজরিটির’ প্রয়োজন ছিল।
১১ বছর আগে তামিল বিদ্রোহীদের নৃশংসভাবে দমন করে শ্রীলঙ্কায় তুমুল জনপ্রিয়তা অর্জন করেন গোতাবায়া রাজাপাকসে। ওই সময় তিনি প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। ভাই মাহিন্দা ছিলেন প্রেসিডেন্ট। করোনা নিয়ন্ত্রণে রেখেও প্রশংসিত হয়েছেন তিনি।
রাজাপাকসে ভাইদের দল পার্লামেন্টের মোট ২২৫টি আসনের মধ্যে ১২৫টিতে জয় পেয়েছে। আরো পাঁচটিতে জয় পেয়েছে তাদের মিত্র দলগুলো।
প্রায় দুই দশক ধরে রাজাপাকসে পরিবার শ্রীলঙ্কার ক্ষমতার কেন্দ্রে। ২০০৫ ও ২০১৫ সালে দুই মেয়াদে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন মাহিন্দা।




