Uncategorized

বগুড়ায় ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতার মৃত্যু

বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত স্বেচ্ছাসেবক লীগ নেতা রোকনুজ্জামান রনি (৩৩) মারা গেছেন।
রবিবার দিবাগত রাত ২টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রনি বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি বগুড়া শহরের মালগ্রাম এলাকার শাহাদৎ হোসেন সাজুর ছেলে।
স্থানীয় বাসিন্দারা জানায়, গত ১৮ জুলাই সন্ধ্যার আগে কয়েকজন দুর্বৃত্ত রনির বাড়ির সামনে এসে ফোনে তাকে ডেকে বের করে। এরপর বাড়ির সামনেই রনিকে এরোপাতাড়ি ছুরিকাঘাত করে। এ সময় রনির ভাগ্নে রিফাতউজ্জামান ছন্দ এগিয়ে গেলে তাকেও ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা। এরপর রক্তাক্ত অবস্থায় দুজনকেই মোটরসাইকেলে তুলে নিয়ে মালগ্রাম দিঘিরপাড় এলাকায় ফেলে রেখে চলে যায় তারা।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেন।
রনির বড় বোন ও আহত ছন্দর মা শারমিন আকতার রুমা জানান, গত রমজান মাসে তাদের বাড়িতে ছেলের দুই বন্ধু বেড়াতে আসে। পাড়ায় আড্ডা দেয়া নিয়ে মালগ্রামের নোমান ও রাকিবের সাথে তাদের ঝগড়া হয়।
এ নিয়ে সমঝোতা বৈঠকও হয় এলাকায়। কিন্তু ওই এলাকার পুলিশের সোর্স আব্দুস সোবাহান ওই বৈঠক মানেননি। তিনি নিজের মতো সিদ্ধান্ত দিতে গেলে রনি সাড়া না দেয়ায় সোবাহান তার উপর ক্ষুব্ধ হন। তারই জের ধরে ১৮ জুলাই রনি ও তার ভাগ্নেকে বাড়ি থেকে ডেকে বের করে উপর্যুপরি ছুরিকাঘাত করা হয়।
এ ঘটনায় রনির বড় বোন শারমিন আকতার রুমা পরদিন ১৯ জুলাই বাদী হয়ে সদর থানায় মামলা করলে পুলিশ রাকিব নামের একজনকে গ্রেপ্তার করে।
বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ঘটনার পর থেকেই জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রবিবার রাতে তাদের গ্রেপ্তার করতে জেলার বাইরেও পুলিশ অভিযান চালিয়েছে। আগের মামলাটিই এখন হত্যা মামলায় রূপান্তর হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button