বোয়ালমারীতে বয়স্কভাতার টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক বৃদ্ধার বয়স্কভাতার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আম ও চাল কিনতে যাওয়ার সময় অভিনব কায়দায় মঙ্গলবার দুপুরে চৌরাস্তা এলাকায় ওই বৃদ্ধার তিন হাজার টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা।
ভুক্তভোগীর নাম সাহেরা বেগম (৮৭)। তিনি বোয়ালমারী উপজলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল থেকে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আওতায় অস্বচ্ছল বয়স্কদের ভাতার টাকা পরিষদ চত্বরে বিতরণ করে সোনালী ব্যাংক। ওই বৃদ্ধা তার টাকা নিয়ে আম ও চাল কেনার জন্য বাজারে যাচ্ছিলেন। এসময় দুই যুবক এসে তাকে ভালো আম কিনে দেওয়ার কথা বলে পাশাপাশি হাটার একপর্যায়ে বৃদ্ধার হাত থেকে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।
সাহেরা বেগম জানান, ওই ব্যাগে তার ভাতার তিনহাজার টাকা ছিল। এরপর তাকে রাস্তায় বসে চিৎকার করে কাদতে দেখে স্থানীয়রা ইউএনও’র কার্যালয়ে নিয়ে যায়।
ইউএনও সহকারী জামাল উদ্দিন বলেন, সেসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিসে ছিলেন না। তবে ওই বৃদ্ধাকে ২ হাজার টাকা ও খাবার কিনে দেয়া হয়েছে।




