রংপুরে দুই মোটরসাইকেল ও বাসের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

রংপুর প্রতিনিধি : রংপুর নগরীর মডার্ন মোড় এলাকার মডেল কলেজের সামনে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের পর একটি মোটরসাইকলকে ধাক্কা দিয়েছে বাস। এতে এক মোটরসাইকেল আরোহী নিহত এবং চার আরোহী আহত হয়েছেন। আহতদের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, দুপুরে রংপুর থেকে একটি মোটরসাইকেলে তিন আরোহী মিঠাপুকুরের দিকে যাচ্ছিল, বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেলে দুজন আরোহী আসছিল। মডেল কলেজের সামনে পৌঁছালে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় পেছন থেকে একটি বাস একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে আগুন ধরে যায়। ঝলসে যায় মোটরসাইকেল চালকের শরীর। অপর মোটরসাইকেলের দু'জন আরোহীসহ মোট ৫ জন গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে মোটরসাইকেলটির আগুন নিভিয়ে ফেলে। পুলিশ আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন।পুলিশ আরও জানায়, আগুনে ঝলসে যাওয়া ব্যক্তির নাম আরিফুজ্জামান। তার বাড়ি রংপুর সদর উপজেলার উত্তর জানকি পানবাড়ি এলাকায়। অপর মোটরসাইকেল চালকের নাম আলমগীর। বাড়ি নগরীর ডিবির মোড় এলাকায়। বাকিদের নাম পুলিশ জানাতে পারেনি।
এদিকে, হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সাজ্জাদ জানান, অগ্নিদগ্ধ আরিফুলের শরীরের ৭০ শতাংশ পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।



