
হরিরামপুর প্রতিনিধি: চাঁদাবাজি, দখলবাজি, হত্যার হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শের পরিপন্থি নানা অনাচারের অভিযোগে তাকে প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষে এ সংক্রান্ত একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়।
এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, সন্ত্রাস এবং দলের নীতি, আদর্শ ও সংহতিবিরোধী নানা অনাচারের কারণে হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত মো. শাহিনকে (মোল্লা শাহীন) প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের নির্দেশক্রমে এ সিদ্ধান্ত কার্যকর করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এর আগে সোমবার (২৪ আগস্ট) মোল্লা শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি ও নানা অনিয়মের অভিযোগ তুলে ঝাড়ু হাতে রাস্তায় নামেন স্থানীয় এলাকাবাসী। বিক্ষোভকারীদের অভিযোগ, শাহিনের বিরুদ্ধে চাঁদাবাজি, দখলবাজি, হত্যার হুমকি ও ভয়ভীতি দেখানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব অভিযোগের প্রতিবাদে তারা ঝাড়ু মিছিল ও মানববন্ধন করেন।
স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে প্রভাব হিসেবে ব্যবহার করে মোল্লা শাহিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। তবে বহিষ্কারাদেশ সম্পর্কে মোল্লা শাহিনের বক্তব্য পাওয়া যায়নি।
মানিকগঞ্জ জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দিপু তার ভেরিফাইড ফেসবুক পেজে কেন্দ্রীয় কমিটি কর্তৃক হরিরামপুর উপজেলা যুবদলের সদস্য সচিব মোল্লা শাহিনের বহিষ্কারাদেশপত্রটি আপলোড করে জানান, কেন্দ্রীয় কমিটির নির্দেশটি চূড়ান্ত। তিনি (মোল্লা শাহিন) আর আমাদের দলের কোনো সদস্য নন।




