বিনোদন

বাংলাদেশিদের ‘পাওনার’ বিষয়ে মুখ খুললেন কাইলি-কেন্ডেল

কেন্ডেল+কাইলি ক্লথিং ব্র্যান্ডের ইন্সটাগ্রামে বৃহস্পতিবার রাতে দুই বোন বিবৃতি দিয়েছেন।
বাংলাদেশি গার্মেন্টসের পাওনা পরিশোধ না করার অভিযোগের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ করেছেন মার্কিন মডেল কাইলি জেনার এবং তার বোন কেন্ডেল জেনার। কিম কার্দাশিয়ানের সৎবোনদের দাবি, তাদের ফ্যাশন হাউজকে জড়িয়ে যে খবর চাউর হয়েছে সেটি ‘অসত্য’।
মূল ব্যাপার হল গ্লোবাল ব্র্যান্ড গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান করোনা মহামারীর সময় বাংলাদেশের কয়েটি গার্মেন্টসের পাওনা টাকা দিতে অস্বীকার করছে। এই প্রতিষ্ঠানের সঙ্গে এক সময় কাইলি যুক্ত ছিলেন। সেই দিনগুলোতে অনেক পণ্য তিনি বাংলাদেশ থেকে নিয়েছেন। এখন এই মহামারীর সময়ে পাওনা পরিশোধের ক্ষেত্রে কোনো উদ্যোগ নেননি বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় থাকা এই মডেল।
এই অভিযোগে জুনের শেষ দিকে তার ইন্সটাগ্রাম পোস্টে অনুসারীরা সমালোচনা করতে থাকেন। কাইলি এক পর্যায়ে বাধ্য হয়ে কমেন্ট অপশন ‘লিমিট’ করে দেন।
ওই ঘটনার প্রায় এক সপ্তাহ পর মুখ খুললেন তিনি এবং তার বোন। কেন্ডেল+কাইলি ক্লথিং ব্র্যান্ডের ইন্সটাগ্রামে বৃহস্পতিবার রাতে বিবৃতি দিয়েছেন। মডেলদের দাবি, গ্লোবাল ব্র্যান্ড গ্রুপের সঙ্গে এখন তাদের প্রতিষ্ঠানের কোনো সম্পর্ক নেই।
‘গ্লোবাল ব্র্যান্ড গ্রুপের সঙ্গে আমাদের মালিকানা আছে এমন দুঃখজনক এবং অসত্য গুজবের বিষয়টি আমরা খোলাসা করতে চাই। বলা হচ্ছে কভিড-১৯ এর কারণে আমরা বাংলাদেশি শ্রমিকদের পাওনা পরিশোধ করছি না। এটা পুরোই অসত্য। আমাদের ব্র্যান্ড ৩০৭২৫৪১ কানাডা ইনকের সঙ্গে যুক্ত। গ্লোবালের সঙ্গে নয়।’
‘গ্লোবালের সঙ্গে কাজ করেছি অনেক আগে। এই মুহূর্তে তাদের সঙ্গে আমাদের কোনো ধরনের সম্পর্ক নেই।’
সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল জনপ্রিয় ২২ বছরের কাইলি ২০১৯ সালে ফোর্বসের বিলিয়নিয়ারের তালিকায় স্থান পান। সম্প্রতি অবশ্য এই তালিকা থেকে বাদ পড়েছেন।
এক সময় বিশ্বের সবচেয়ে কম বয়সী ধনকুবের থাকা কাইলি লিখেছেন, ‘আমরা পৃথিবীর যত দেশ থেকে পণ্য নেই, সেসব জায়গার কেউ কোনো শঙ্কার কথা জানাননি।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button