বরিশালে নতুন ১৬ জনের করোনা শনাক্ত

বরিশালে নতুন করে আরও ১৬ জনের করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। বরিশাল জেলায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ৪০ জন ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ জেলায় মোট ৩৩৬ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মঙ্গলবার রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে জানা যায়, মঙ্গলবার বরিশাল জেলায় করোনা আক্রান্ত হয়ে একজন ব্যক্তির মৃত্যু হয়েছে। আর এ পর্যন্ত জেলায় ২৪ জন করোনা আক্রান্ত ব্যক্তি মৃত্যুবরণ করেছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাবুগঞ্জ উপজেলার ২ জন, উজিরপুর উপজেলার একজন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত রুপাতলী এলাকার ২ জন, কাউনিয়া, বটতলা, মেডিকেল কলেজ লেন, বাংলাবাজার, ব্রাউন কম্পাউন্ড প্রত্যেক এলাকার ১ জন করে ৫ জন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে কর্মরত একজন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ২ জন, রেঞ্জ পুলিশে কর্মরত ২ জন, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্টাফসহ ১৬ জন করোনা আক্রান্ত হয়েছে।
জেলা প্রশাসন বরিশাল জানায়, গত ১২ এপ্রিল থেকে অদ্যাবধি বাবুগঞ্জ উপজেলায় ৬৬ জন, সদর উপজেলায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, নার্স ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রসহ ১ হাজার ১৮০ জন, উজিরপুর উপজেলায় ৬৬ জন, বাকেরগঞ্জ উপজেলায় ৪১ জন, মেহেন্দীগঞ্জ উপজেলায় ২৮ জন, হিজলা উপজেলায় ১৭ জন, বানারীপাড়া উপজেলায় ৩৮ জন, মুলাদী উপজেলায় ৩৫ জন, গৌরনদী
উপজেলায় ৪৪ জন, আগৈলঝাড়া উপজেলায় ১৫ জন। মোট ১ হাজার ৫৩০ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।
এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
মেহেন্দীগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, মুলাদী উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ অদ্যাবধি জেলা প্রশাসনের ২ জন কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া হিজলা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। অদ্যাবধি এ জেলার একজন জনপ্রতিনিধি করোনা আক্রান্ত হয়েছেন।
গত ২৭ জুন বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসে কর্মরত একজন কর্মচারী ও জাহাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা করোনা আক্রান্ত হয়েছেন।
বানারীপাড়া উপজেলা ভূমি অফিসের অফিস সহকারী, বাকেরগঞ্জ উপজেলার পাদ্রীশিবপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, ২ জন ইউনিয়ন পরিষদ সচিব, জাহাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা, বাবুগঞ্জ উপজেলা ভূমি অফিসের একজন গাড়িচালক ও একজন কর্মচারীসহ অদ্যাবধি জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ৭ জন কর্মচারী করোনা আক্রান্ত হয়েছেন।
আজ শনাক্ত হওয়া বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের একজন স্টাফসহ অদ্যাবধি এ জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ২০১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।



