কেরানীগঞ্জে ইউএনওসহ আরো ৯ জনের করোনা শনাক্ত

ঢাকার কেরানীগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত দেবনাথসহ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৪ জনে।
উপজেলা করোনা কন্ট্রোল রুম কর্মকর্তা জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১২টায় স্বাস্থ্য অধিদফতর থেকে তাদের কাছে এ রিপোর্ট এসেছে।
গত ১২ মে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসিল্যান্ড সানজিদা আব্দুল্লাহ তিন্নির করোনা শনাক্ত হয়। এছাড়া গত ১৫ মে কেরানীগঞ্জ মডেল থানার এসিল্যান্ড কামরুল হাসান সোহেলের করোনা শনাক্ত হয়। এপর্যন্ত আক্রান্ত ৮৮৪ জনের মধ্যে নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনজন, প্রকল্প কর্মকর্তা একজন, চিকিৎসক ১৪ জন, নার্স ১৭ জন, স্বাস্থ্যকর্মী ১৮ জন, র্যাব সদস্য ৪৬ জন, পুলিশ ৪৫ জন এবং প্রশাসনিক কর্মচারী রয়েছেন ১৩ জন।
কেরানীগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ১২টি ইউনিয়নের মধ্যে জিনজিরা ও কালিন্দীসহ সাতটি ইউনিয়নকে রেড জোন, কলাতিয়া ও তারানগরসহ তিনটি ইউনিয়নকে ইয়োলো জোন এবং হযরতপুর ও তেঘরিয়া ইউনিয়নকে গ্রিন জোন ঘোষণা করেছে প্রশাসন।
এদিকে বৃহস্পতিবার পর্যন্ত ৩৪৫ জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন। এপর্যন্ত কেরানীগঞ্জে করোনা আক্রান্ত ২১ জন রোগী রাজধানীর মিটফোর্ড, মুগদা, ঢাকা মেডিকেল, কুর্মিটোলা ও কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
সূত্র : ইউএনবি




