৮০ বছরের রেকর্ড ভাঙলেন ‘মেক্সিকান মেসি’
ইতিহাসে নাম উঠে গেল লুকা রোমেরোর। মাত্র ১৫ বছর বয়স। এরই মধ্যে তার মাঝে আর্জেন্টিনার সুপারস্টার লিওনেল মেসির ছায়া খুঁজে পান অনেকে। তাই তো মেক্সিকোয় জন্ম নেওয়া এই ফুটবলারের নাম হয়ে গেছে ‘মেক্সিকান মেসি’। সেই মেক্সিকান মেসি লুকা রোমেরো এবার ফুটবলের ৮০ বছরের পুরনো এক রেকর্ড ভেঙে নতুন কীর্তি গড়লেন।
এই কিশোর ফুটবলার স্প্যানিশ লা লিগার ইতিহাসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামার নতুন রেকর্ড গড়েছেন। বুধবার রিয়াল মাদ্রিদের বিপক্ষে রিয়াল মায়োর্কার হয়ে মাঠে নেমেছিলেন লুকা রোমেরো। এদিন তার বয়স ছিল ১৫ বছর ২১৯ দিন।
এতদিন এই কীর্তিটি ছিল সেল্টা ভিগোর সাবেক ডিফেন্ডার স্যানসনের। ১৯৩৯ সালে স্যানসন ১৫ বছর ২৫৫ দিন বয়সে স্প্যানিশ লা লিগায় নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেছিলেন।
রিয়ালের বিপক্ষে ম্যাচের ৮৩ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রোমেরো। এর আগেই অবশ্য রিয়াল মায়োর্কা দুই গোল হজম করেছিল। শেষ পর্যন্ত ০-২ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় রোমেরোর দলকে।
জন্ম মেক্সিকোয় হলেও আর্জেন্টাইন মা-বাবার সূত্রে বয়সভিত্তিক ফুটবলে আর্জেন্টিনার হয়েই খেলছেন লুকা রোমেরো। এরই মধ্যে বড় ক্লাবগুলো নজর রাখছে এই কিশোর ফুটবলারের দিকে।




