বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৭১ লাখ ৩৬ হাজার ছাড়িয়েছে
বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৭১ লাখ ৩৬ হাজার ৭৪২ জনে দাড়িয়েছে। দুই- তৃতীয়াংশেরও বেশি সংক্রমণ ঘটেছে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে।
সোমবার রাত সাড়ে ৯ টায় ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের শেষের দিকে চীনে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বব্যাপী কোভিড- ১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৭১লাখ ৩৬ হাজার ৭৪২ জনে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৪ লাখ ৭ হাজার ৬৮ জনে দাঁড়িয়েছে।
একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মোট ২০ লাখ ১০ হাজার ৪৪২ জন আক্রান্ত হয়েছে এবং দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে মোট ১ লাখ ১২ হাজার ৫৪৯ জনে দাঁড়িয়েছে।
মাত্র এক মাসের ব্যবধানে বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দ্বিগুণ এবং গত ৯ দিনে ১০ লাখেরও বেশি মানুষ কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।




