sliderস্থানিয়

গাইবান্ধার হত্যা চেষ্টার আসামি ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি: গাইবান্ধায় জমির বিরোধে হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার।

এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন চাঞ্চল্যকর হত্যা, ডাকাতি, অপহরণ, ধর্ষণ, রাহাজানিসহ মারাত্মক সব সামাজিক অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

গাইবান্ধার সদর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত হত্যা চেষ্টা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মোঃ হাসানুর জামান সুমন (৪০)কে ৩ জুলাই, ২০২৬ রাত আনুমানিক ০৯.০০ টার দিকে ঠাকুরগাঁও থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৩।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ জুন ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৩ টার দিকে গাইবান্ধা সদর উপজেলার বড় মহানন্দপুর গ্রামে ভোগদখলীয় জমিতে রোপণ করা গাছ কাটাকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় হাসানুর জামান সুমনের নেতৃত্বে অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে সোহরাব সরকার, তার ভাই আলামিন এবং তাদের পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় ।

হামলার একপর্যায়ে সোহরাব সরকারকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করা হয়। তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার ভাই আলামিন এবং স্থানীয় বাসিন্দা জাকির হোসেনও হামলার শিকার হন। হামলায় তিনজনই গুরুতর আহত হন।

এছাড়া বাদী মোছাঃ সুমাকে মারধর, শ্লীলতাহানির চেষ্টা এবং তার গলায় থাকা আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগ এজাহারে উল্লেখ রয়েছে। হামলার পর অভিযুক্তরা ভুক্তভোগীদের প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থার অবনতি হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন।

ঘটনার পর গত ০৭ জুন, ২০২৬ তারিখ মোছাঃ সুমা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং আরও ৫/৬ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা চেষ্টার মামলা দায়ের করেন। মামলাটি দায়েরের পর থেকেই প্রধান আসামি মোঃ হাসানুর জামান সুমনসহ অন্যান্য আসামিরা আত্মগোপনে ছিলেন।

মামলাটির গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেফতারে র‍্যাব-১৩ কর্তৃক গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, গত ৩ জুলাই ২০২৬ রাত আনুমানিক ০৯.০০ টায় র‌্যাব-১৩ এর সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্প এবং সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের যৌথ আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার ভুল্লী থানার কচুবাড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে গাইবান্ধা সদর থানার হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি মোঃ হাসানুর জামান সুমনকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক(মিডিয়া)
বিপ্লব কুমার গোস্বামী জানান গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও হত্যা, অপহরণ, ধর্ষণের মতো মারাত্মক অপরাধ প্রতিরোধে র‌্যাবের এই নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button