শিমুলিয়া ঘাটে ঢাকাগামী মানুষের ঢল

বৈরী আবহাওয়ার মধ্যে শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে বুধবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে কর্মস্থলমুখী মানুষের ঢল নেমেছে।
সকাল ৮টা থেকে ফেরিগুলোতে গাদাগাদি করে ঢাকাগামী যাত্রীরা ছুটে আসেন শিমুলিয়া ঘাটে। তবে বৈরী আবহাওয়ার কারণে সকাল ৬টা থেকে সকাল ৮টা পর্যন্ত ২ ঘণ্টা নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকে। পরে সীমিত আকারে নৌরুটে ফেরি চলাচল শুরু হয়।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর জানান, ঈদের ছুটি শেষে বুধবার সকাল থেকে বৈরী আবহাওয়ার মধ্যেও ঢাকাগামী শত শত যাত্রী ফেরিতে পদ্মা পাড়ি দিয়ে ছুটে আসেন শিমুলিয়া ঘাটে। সকাল ৬টার দিকে বৈরি আবহাওয়ার মধ্যে নৌরুটে ফেরি চলাচল বন্ধ করে কর্তৃপক্ষ।
২ ঘণ্টা পর সকাল ৮টার দিকে ফেরি চলাচল চালু হয়। তবে ৪ রো-রো ফেরিসহ মাত্র ৬টি ফেরি দিয়ে নৌরুটে চালু রয়েছে।
তিনি আরো জানান, সকালে ৪টি ফেরিতে শত শত ঢাকাগামী যাত্রী ছুটে আসেন দক্ষিণবঙ্গের এ নৌরুটের শিমুলিয়া ঘাটে। পরে অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেলে করে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভেঙে ভেঙে ঢাকায় ছুটে যাচ্ছেন যাত্রীরা।




