মানিকগঞ্জে করোনায় আক্রান্ত নারীর ঢাকায় মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরারমপুর উপজেলায় করোনা আক্রান্ত এক নারী (৫০) শনিবার দুপুরে ঢাকার কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিনা ইয়াসমিন এই তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা, উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ওই নারী গত ৮ মে শ্বাসকষ্টসহ শারীরিক সমস্যার কারণে ঢাকায় ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। ওই দিনই সেখানে তাঁর নমুনা সংগ্রহ করা হয়। পরের দিন (৯ মে) পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে। এর পর তাঁকে কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় গত রোববার (১০ মে) ওই নারীর বাড়ি লকডাউন ঘোষণা করে উপজেলা প্রশাসন একই দিন পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়। গত বুধবার (১৩ মে) পরীক্ষায় তাঁদের সবার করোনা নেগেটিভ আসে। ওই নারীর দেবর মিজানুর রহমান বলেন, করোনা পজিটিভ আসায় তাঁর ভাবীকে ঢাকায় কুর্মিটোলা হাসপাতালে আইসোলেশনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে উপজেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এবং নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন বলেন, স্বাস্থ্যবিধি ও ধর্মীয় বিধিবিধান মেনেই মৃত দেহ দাফনে ব্যবস্থা করা হবে।




