মানিকগঞ্জ করোনা আইসোলেশন ওয়ার্ডে এক ব্যক্তির মৃত্যু
নিজস্ব প্রতিনিধি : মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালের দিকে এক বৃদ্ধ (৬৫) মারা গেছেন। হাসপাতালটির তত্ববাবধায়ক ডা. আরশ্বাদ উল্লাহ এ তথ্য নিশ্চিত করেন।
ডা. আরশ্বাদ উল্লাহ জানান, মানিকগঞ্জ সদর উপজেলার বংখুরী গ্রামের ওই ব্যক্তি দীর্ধদিন ধরে শ্বাসকষ্টে ভুগছিলেন। গতকাল (মঙ্গলবার) সকাল সাড়ে ১০টায় তিনি জ্বর ও উচ্চ রক্তচাপ নিয়ে হাসপাতালে আসেন। জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে পর্যবেক্ষণের পর তাঁকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করেন। এরপর তাঁর শরীর থেকে নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য ঢাকার সাভারে বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে পাঠানো হয়। তিনি করোনয় আক্রান্ত ছিলেন কিনা তা আগামীকাল তাঁর নমুনা পরীক্ষার ফল পাওয়া গেলে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তিনি।
সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. লুৎফর রহমান বলেন, পরিবারের সদস্যদের শরীরের নমুনা সংগ্রহ করে তা পরীক্ষা করা হবে। এদিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, ধর্মীয় বিধিবিধান মেনে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই ব্যক্তির মরদেহ দাফন করা হবে। ওই ব্যক্তির বাড়ি লকডাউন ঘোষণা করা হয়েছে।
উল্লেখ্য, এ পর্যন্ত ৮জন ব্যক্তি করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন। এর মধ্যে মানিকগঞ্জ সদরে ৪জন, ঘিওরে ২জন, হরিরামপুর ও সাটুরিয়া উপজেলায় ২জন। তবে, ইতিপূর্বে করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৭ জনের কেউই করোনায় আক্রান্ত ছিলেন না বলেন জানান, স্বাস্থ্য বিভাগ।




