আন্তর্জাতিক সংবাদশিরোনাম

করোনায়ও যুদ্ধের দামামা বন্ধে মত নেই যুক্তরাষ্ট্রের

বিশ্বের যেসব জায়গায় যুদ্ধ বা সংঘাত চলছে করোনাভাইরাস পরিস্থিতিতে সেসব অঞ্চলে যুদ্ধ বিরতির জন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র। এই মহামারির মধ্যেই যুদ্ধের দামামা বন্ধ চায় না বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি।
এ নিয়ে নিরাপত্তা পরিষদের বাকি সদস্যদের সম্মতি রয়েছে বলে জানা যায়। ভোটের জন্য প্রস্তাবটি উত্থাপনের কথা থাকলেও শেষ মুহূর্তে শুক্রবার যুক্তরাষ্ট্র তা প্রতিহত করে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জানান, “এই খসড়ায় যুক্তরাষ্ট্র সমর্থন দিতে পারছে না।” এ ব্যাপারে আর কোনো মন্তব্য করেননি তিনি।
কঠিন বিষয়টি নিয়ে প্রায় দু্‌ই মাস ধরে দেন দরবার করে আসছিল নিরাপত্তা পরিষদের বাকি ১৪টি দেশ। সম্মতও ছিল তারা।
নাম প্রকাশ না করা শর্তে যুক্তরাষ্ট্রর এক কূটনীতিক এএফপিকে জানিয়েছেন, চীন ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে চলমান দ্বন্দ্বের জেরে যুক্তরাষ্ট্র ওই প্রস্তাব পাশে বাধা দিয়েছে।
গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহান থেকে ছড়িয়ে পড়ে প্রাণঘাতী করোনাভাইরাস। এর মধ্যে চীন এর প্রকোপ প্রায় কাটিয়ে উঠলেও ভয়াবহ রূপ ধারণ করেছে বিশ্বজুড়ে।
বিশ্বে করোনা আক্রান্তের মোট সংখ্যা এরই মধ্যে ৩৯ লাখ ৩৭ হাজার ছাড়িয়েছে; মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৭৬ হাজার। আক্রান্ত-মৃত্যু উভয় তালিকাতেই শীর্ষে যুক্তরাষ্ট্র।
করোনা নিয়ে চীনের সঙ্গে নতুন করে দ্বন্দ্ব জড়িয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সমালোচনা করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থারও। তার মতে, চীন ইচ্ছাকৃতভাবে আন্তর্জাতিক সম্প্রদায়ে কাছে করোনাভাইরাসের ভয়াবহতা সম্পর্কিত তথ্য গোপন করেছিল। আর এই ভাইরাসের প্রাদুর্ভাব এতটা ভয়াবহ হতে পারে তা আগেভাগে জানায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থাও। জাতিসংঘের অঙ্গ সংস্থাটিতে অনুদানের পরিমাণও কমিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।
এএফপি জানিয়েছে, বিশ্বের সংঘাতপূর্ণ এলাকাগুলোতে করোনাভাইরাসের সংকটে সরকারগুলো যাতে এই মহামারি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে সে জন্য ৯০ দিনের ‘মানবিক যুদ্ধ বিরতির’ প্রস্তাব তুলতে চেয়েছিল নিরাপত্তা পরিষদ। যুক্তরাষ্ট্রের বাধায় ভেস্তে গেল সে চেষ্টা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button