মুন্নীর জন্মদিনে তাপসের সারপ্রাইজ গিফট

“আমার জীবনের অন্যতম আগ্রহের দিন ৫ মে। এই দিনে ইচ্ছে করে, পৃথিবীর যা কিছু সুন্দর তার সবটুকুই আমার সবচেয়ে প্রিয় মানুষটির হাতে তুলে দিতে। সেটা তো আর সম্ভব নয়। তাই এবার চেষ্টা করেছি, কথা-সুরে আমার কাছে থাকা সর্বোচ্চ সুন্দরটুকু সেই প্রিয়জনের সামনে তুলে ধরার।”
কথাগুলো সংগীতশিল্পী কৌশিক হোসেন তাপসের। যার প্রমাণ মিলেছে আন্তর্জাতিক একাধিক প্ল্যাটফর্মে প্রকাশিত একটি বিশেষ গানের মাধ্যমে। ‘নিত দিন জিয়া মারা’ শিরোনামে হিন্দি ভাষার এই গানটি প্রকাশ হয়েছে মঙ্গলবার।
এই দিনটিতেই পৃথিবীতে এসেছেন কৌশিক হোসেন তাপসের জীবনসঙ্গী গানবাংলা টেলিভিশনের চেয়ারপারসন, ফ্যাশন বিশেষজ্ঞ ও নারী উদ্যোক্তা ফারজানা মুন্নী।
স্ত্রীর জন্মদিনের এই বিশেষ উপহার ব্যক্তিগত পর্যায়ে রাখেননি তাপস। ভাগাভাগি করলেন সবার সঙ্গে। ‘নিত দিন জিয়া মারা’ গানটির অডিও প্রকাশ পেয়েছে স্পটিফাই, আই টিউনস, গানা ডটকম, জিও সাওয়ান ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে।
বলিউড নায়িকা নারগিস ফাখরিকে মডেল করে গানটির ভিডিও নির্মাণ হয়েছে তুরস্কের বিভিন্ন লোকেশনে। তবে, চলমান করোনা ভাইরাসের দুর্যোগ মাথায় রেখে এখনই ভিডিওটি প্রকাশের সিদ্ধান্ত থেকে সরে এসেছে প্রযোজনা সংশ্লিষ্টরা।
কৌশিক হোসেন তাপস বলেন, “৫ মে আমার জীবনের সবচেয়ে উল্লেখযোগ্য দিন। গেল এক বছর ধরেই মিট ব্রসকে আমার ইচ্ছার কথা বলে আসছিলাম- এই দিনে গানটির অডিও-ভিডিও প্রকাশের জন্য। কিন্তু চলমান বৈশ্বিক পরিস্থিতির কথা ভেবে আমরা পুরেনো সিদ্ধান্ত থেকে ফিরে এসেছি। অনেকটা নিঃশব্দে প্রকাশ করেছি গানটির অডিও।”
গানটির সংগীত পরিচালক যুগলের ইচ্ছা, আসছে ঈদ উৎসবে ভিডিওটি প্রকাশের।
এ দিকে জন্মদিনের উপহার হিসেবে গানটির শুনতে পেরে বেশ উচ্ছ্বসিত ফারজানা মুন্নী। তার ভাষ্যে, “আমার জন্মদিন মানেই তাপসের সারপ্রাইজ! এবারের উপহারটিও আমার জন্য সবচেয়ে বিশেষ। আমি মুগ্ধ।”
মুন্নীর জন্মদিনে দেশ-বিদেশের প্রায় দুই শতাধিক মিউজিশিয়ান, গীতিকার-সুরকার, কণ্ঠশিল্পী, অভিনয়শিল্পী, চিত্রশিল্পী তথা সাংস্কৃতিক ব্যক্তিত্বগণ শুভেচ্ছাস্বরূপ ভিডিও বার্তা পাঠান, যা দিনভর প্রকাশিত হয়েছে গানবাংলা’র ফেসবুক পেইজে।
গানটি শুনতে ক্লিক করুন: নিত দিন জিয়া মারা




