চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ইউএনও করোনায় আক্রান্ত

করোনা আক্রান্ত হয়েছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। গত ২৭ এপ্রিল তার নমুনা সংগ্রহ করা হয়েছিল। ২৮ এপ্রিল ঢাকার শিশু হাসপাতালে টেস্ট করা হলে রিপোর্ট পজেটিভ আসে। বুধবার দুপুরে ওই রিপোর্ট চাঁদপুরের সিভিল সার্জন অফিসে এসেছে। এছাড়া হাজীগঞ্জ উপজেলার আরেকজনসহ মোট দুইজন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন।
চাঁদপুরের সিভিল সার্জন ডা. মো. সাখাওয়াত উল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। করোনা আক্রান্ত ইএনও তার নিজ বাসভবনে থেকে চিকিৎসা সেবা নিবেন। তার অফিস রুম ও বাস ভবন লকডাউন করা হয়েছে। একই সাথে তার সংস্পর্শে আসা ১২ জনের নমুনা সংগ্রহ করা হবে করোনাভাইরাস পরীক্ষা করার জন্য। এই নিয়ে চাঁদপুরে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাড়িঁয়েছে মোট ১৭ জনে। এর মধ্যে দুইজন করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে এবং ৭ জন চিকিৎসা নিয়ে করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ৮ জন রোগী করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল্লাহ আল মাহমুদ জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, যেহেতু নির্বাহী কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তাই এখন তিনি সিভিল সার্জনের পরামর্শ অনুযায়ী চলবেন।
এদিকে একই দিনে হাজীগঞ্জ উপজেলার এক ব্যাংক কর্মকর্তার করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। তার বাড়িটি লকডাউন করে দিয়েছে উপজেলা প্রশাসন। এছাড়া চাঁদপুরের কয়েকজন পুলিশ সদস্য ও ম্যাজিস্ট্রেটের করোনা টেস্ট করে রিপোর্ট নেগেটিভ এসেছে।
এলাকাবাসী জানান, হাজীগঞ্জে ব্যাংক কর্মকর্তার আক্রান্তের বিষয়টি জানার পরে সেখানে উপস্থিত হন ইউএনও। তিনি উপস্থিত থেকে ওই বাড়ীটি লকডাউন করে দেন এবং বাড়ীর লোকদের সাথে কথা বলেন। এ সময় ইউএনও’র খুবই নিকটবর্তী অবস্থান করতে দেখা গেছে, হাজীগঞ্জ পৌরসভার মেয়র, ওসি, ওয়ার্ড কাউন্সিলরসহ বেশ কয়েকজনকে। এছাড়া ইউএনও নিজ কর্তব্য কাজের জন্য নিজ কার্যালয়সহ নিয়মিত অভিযান পরিচালনা করেছেন।




