নড়াইলে আরো ৩ চিকিৎসক করোনা আক্রান্ত

সংবাদদাতা, নড়াইল : নড়াইলে নতুন করে আরো তিন চিকিৎসক করোনাক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। এ নিয়ে জেলায় ৭ চিকিৎসকসহ ১৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হলেন।
এরমধ্যে সৈয়দ সুজন (২৫) নামে এক যুবক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এছাড়া অন্যরা নিজ নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।
সোমবার নতুন করে করোনাক্রান্তদের মধ্যে-নড়াইলের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দুই এবং সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের একজন চিকিৎসক রয়েছেন।
এদিকে রোববার নড়াইল জেলা প্রশাসকের একান্ত সহকারী (সিএ) ও লোহাগড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরসহ জেলায় ৩ জন করোনা আক্রান্ত হন। তবে কালিয়া উপজেলা এখনো করোনামুক্ত আছে। জেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয় লোহাগড়া উপজেলায়। তবে প্রথম আক্রান্ত করোনা রোগী সৈয়দ সুজন বাড়িতে থেকেই এক সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন।
জেলা প্রশাসক আনজুমান আরা জানান, করোনাভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতনতার সাথে মোকাবেলা করতে হবে। তা হলে করোনাকে পরাজিত করা সম্ভব।




