পদ্মার মাওয়া পয়েন্টে নৌযান লকডাউন চলছে

পদ্মা নদীর মাওয়া পয়েন্টের নদী ট্রলার, সীবোট ও লঞ্চ লকডাউন কর্মসূচি শুরু করেছে মাওয়া নৌ-পুলিশ। নৌ পুলিশের ডিআইজি মো: আতিকুল ইসলামের নির্দেশে মাওয়া নৌ-ফাঁড়ির পুলিশের পক্ষে একটি লঞ্চ, দুটি সীবোট দিয়ে অভিযান শুরু হয়।
সোমবার সকাল থেকে শুরু হওয়া এ অভিযানে এপার থেকে ওপারে কেউ আসা-যাওয়া করতে না পারে সে বিষয়টি নিশ্চিত করা হবে।
মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবীর নয়া দিগন্তকে জানান, নদীর বিভিন্ন পয়েন্টে জনসমাগম সীমিত রাখা এবং যথার্থভাবে লকডাউন রক্ষার্থে নজরদারি বৃদ্ধি করতে হচ্ছে। এসময় সবাই সামাজিক দূরত্ব (৩ ফিট) মেনে চলবেন। করোনার সময় বড় বড় নৌযান বন্ধ থাকায় অনেকেই ছোট ছোট ট্রলারে করে নদী পার হতে চেষ্টা করছেন। যারা নিয়ম ভেঙে নদীতে যাতায়াত করবেন তাদের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়াও নৌ পুলিশ নদীতে শৃঙ্খলা রক্ষাসহ জাটকা ইলিশ সংরক্ষণ অভিযান অব্যাহত রাখবে।
এই কার্যক্রম পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান ইনচার্জ সিরাজুল কবীর।




