Uncategorized

আশুলিয়ায় অপহরণের ৮ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার, আটক ২

আশুলিয়ায় অপহরণের ৮ ঘণ্টা পর আজিজুল ইসলাম নামের এক কাপড় ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় মুক্তিপণের জন্য দাবিকৃত টাকা নিতে আসা দুই অপহরণকারীকে আটক করে পুলিশ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার হাজী রমজান আলীর মালিকানাধীন বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
এর আগে একই দিন দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাকে অপহরণ করা হয়।
আজিজুল ইসলাম আশুলিয়ার গাজীরচটের বাসিন্দা। তিনি আশুলিয়ার জামগড়া এলাকায় কাপড়ের ব্যবসা করেন।
আটকরা হলেন- পিরোজপুর জেলার কাউখালি থানার বেকুদিয়া গ্রামের ওমর ফারুকের ছেলে জাহিদুল ইসলাম ও ঢাকা জেলার নবাবগঞ্জের সন্তোষ সরকারের ছেলে সীমান্ত সরকার।
এ ব্যাপারে আশুলিয়া থানার এসআই ওহিদ বেপারী জানান, রবিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে চার অপহরণকারী প্রাইভেটকারের মাধ্যমে ব্যবসায়ী আজিজুল ইসলামকে তুলে নিয়ে যায়।
পরে অপহরণকারীরা আজিজুল ইসলামকে বেধড়ক মারধর করে পরিবারের কাছে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ সময় বিকাশে পাঁচ হাজার টাকা দেয়া হয়। পরে বিষয়টি আশুলিয়া থানায় অবহিত করলে পুলিশ অভিযানে নামে।
তিনি আরও জানান, অপহরণকারীদের বাকি টাকা নগদে দেওয়ার কথা বলে ডেকে এনে কৌশলে তাদের দুই জনকে আটক করা হয়। পরে আটক দুই জনের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার পলাশবাড়ি এলাকার রমজান আলীর মালিকানাধীন বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়।
এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকি অপহরণকারীরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়াদের মধ্যে হৃদয় নামের এক অপহরণকারী মূলত এ বাসাটি ভাড়া নিয়েছিলেন। কক্ষে ব্যবসায়ীকে মুক্তিপণের জন্য নির্যাতন করা হয়।
এসআই আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অপহরণকারীরা আজিজুলের বিষয়ে আগে থেকেই খোঁজখবর নেয় এবং সুযোগ বুঝে তাকে অপহরণ করে।
এ ঘটনায় অপহরণকারীদের বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত বাকি অপহরণকারীদের আটকের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button