
করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বন্ধ করে দেয়া হয়েছে এভারেস্ট পর্বতমালা। নেপাল সরকার এই ঘোষণা দিয়েছে। চীনও এভারেস্টের তাদের অংশ বন্ধ করে দিয়েছে।
বিবিসি জানায়, ১৪ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত এভারেস্টে পর্বতারোহণের সব ধরনের অনুমতি বাতিল করা হয়েছে।
নেপালের প্রধানমন্ত্রী কার্যালয়ের সেক্রেটারি নারায়ণ প্রাসাদ বিদারী বলেন, ‘৩০ এপ্রিল পর্যন্ত সব ধরনের পর্যটন ভিসা আমরা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি। এর মধ্যে দিয়ে এভারেস্টে চড়ার সব ধরনের অনুমতিও বাতিল করা হয়েছে। সেই সঙ্গে চলতি বছরের এভারেস্টে চড়ার অনুমতি প্রদানের কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।’
এ ছাড়া এর মধ্যে যেসব বিদেশি পর্যটক নেপালে চলে এসেছেন তাদের ১৪ মার্চ থেকে আগামী ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার জন্য পরামর্শ দিয়েছেন তিনি।
এভারেস্টে চড়া পর্যটকদের অধিকাংশই যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য, জাপান ও দক্ষিণ কোরিয়ার। এসব দেশ থেকে বেশি মানুষ নেপালে ভ্রমণ করেন। শুধু এভারেস্টে চড়ার অনুমতি দিয়ে নেপাল সরকার প্রতি বছর আয় করে ৪০ লাখ ডলার।




