জাস্টিন ট্রুডোর স্ত্রী করোনায় আক্রান্ত

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ও তার স্ত্রী সোফি জর্জি ট্রুডো করোনাভাইরাস আক্রান্ত হওয়া সন্দেহে স্বেচ্ছায় আইসোলেশনে গিয়েছিলেন। এবার জানা গেল, পরীক্ষায় সোফির শরীরে এই ভাইরাসের উপস্থিতি মিলেছে।
ট্রুডোর দপ্তর থেকে এক বিবৃতিতে বলা হয়, সোফি এখন ভালো আছেন। তার লক্ষণগুলো ভালোর দিকে।
সতর্কতা হিসেবে জাস্টিন ট্রুডোও ১৪ দিনের আইসোলেশনে রয়েছেন। তবে কোনো লক্ষণ দেখা না যাওয়ায় তার পরীক্ষা করা হবে না।
জর্জি ট্রুডো সম্প্রতি ইংল্যান্ড সফর করেন। সেখান থেকে ফেরার পর তার জ্বর ও অন্যান্য লক্ষণ দেখা দেয়।
কানাডায় এ পর্যন্ত ১০৩ জন করোনায় আক্রান্ত হয়েছে।
এ দিকে ইংল্যান্ডের ফুটবল টিম আর্সেনালের ম্যানেজার মিকেল আর্তেতার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়েছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) জানায়, ১১৮টি দেশে করোনা ছড়িয়ে পড়েছে। আক্রান্তের সংখ্যা সোয়া এক লাখের বেশি। মারা গেছেন সাড়ে চার হাজারের বেশি।




