ভারত সফরে ‘নো হ্যান্ডশেক’ প্রোটিয়াদের

মরণঘাতী করোনাভাইরাস বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়া আতঙ্কের মধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে ভারত সফরে এসেছে দক্ষিণ আফ্রিকা। এই সিরিজ চলাকালীন কোনো হ্যান্ডশেক না করার সিদ্ধান্ত নিয়েছে প্রোটিয়া দল!
ভারতে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে। ফলে এই ভাইরাসে আক্রান্তের শঙ্কা নিয়েই মাঠে নামতে হবে দক্ষিণ আফ্রিকা দলকে। তাই এ ব্যাপারে খুবই সতর্ক অতিথি দল।
সোমবার দক্ষিণ আফ্রিকার কোচ মার্ক বাউচার পরিষ্কার জানিয়ে দেন, ভারত সফরে তার দলের ক্রিকেটাররা হ্যান্ডশেক করা থেকে বিরত থাকবেন।
বাইশ গজে লড়াইয়ের আগে ম্যাচে টস শুরুর আগে দুই অধিনায়কের হ্যান্ডশেক এবং ম্যাচের পর দুই দলের ক্রিকেটারদের মধ্যে হ্যান্ডশেক করার রীতি রয়েছে। করোনা ভাইরাস আতঙ্কের কারণে হ্যান্ডশেক না-করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত সফররত প্রোটিয়া ক্রিকেটাররা।
ভারতের বিমান ধরার আগে জোহানেসবার্গে সাংবাদিক বৈঠকে প্রোটিয়া কোচ বাউচার বলেন, “ছেলেদের মধ্যে আতঙ্ক কাজ করছে। সুতরাং ভারত সফরে আমরা চেষ্টা করব হ্যান্ডশেক না-করার। এ ব্যাপারে ছেলেদের মতামতকে গুরুত্ব দিতে হবে। আমাদের সঙ্গে সিকিউরিটি স্টাফ থাকবে। আশা করি স্বাস্থ্যের কথা মাথায় রেখে ওরাও এটা মাথা রাখবে। ওর যদি ভাবে এতে আমাদের ক্ষতি হতে পারে তাহলে আমাদের তা না-করাই ভালো।”
ধর্মশালায় বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দল দুটি। পরের দুটি ম্যাচ হবে লক্ষ্ণৌ ও কলকাতায় ১৫ ও ১৮ মার্চে।



