
জিম্বাবুয়ের বিপক্ষে মঙ্গলবার রোমাঞ্চকর এক জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে তিন ম্যাচের সিরিজ ২-০ তে নিজেদের করেছে টাইগাররা। আর স্বাগতিকদের সিরিজ জয়ের এই দিনটিতে দারুণ এক কীর্তি লিখেছেন মুশফিকুর রহিম।
বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে মুশফিক স্বাদ পেয়েছেন শততম ওয়ানডে জয়ের। ২১৮ ওয়ানডে খেলে শততম জয়ের স্বাদ পেলেন মুশফিক।
এই কীর্তির কাছাকাছি অবস্থানে রয়েছেন মাশরাফী বিন মোর্ত্তজা ও সাকিব আল হাসান। মাশরাফী ৯৮টি ওয়ানডে জয়ের স্বাদ পেয়েছেন। বাংলাদেশের হয়ে অবশ্য ২১৭ ম্যাচে জয় পেয়েছেন ৯৬টিতে। বাকি দুটি জয় এশিয়া একাদশের হয়ে আফ্রিকা একাদশের বিপক্ষে।
আন্তর্জাতিক ক্রিকেটে আপাতত নিষিদ্ধ থাকা সাকিব আল হাসান ২০৬ ওয়ানডে খেলে জয় পেয়েছেন ৯৪টিতে। তামিম ইকবাল ২০৬ ম্যাচে জয় পেয়েছেন ৮৭টিতে। অন্যদিকে ১৮৭ ম্যাচে ৮৪টিতে জয় পেয়েছেন মাহমুদউল্লাহ।




