বিসিএলে দক্ষিণাঞ্চলের হ্যাটট্রিক শিরোপা

বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) অষ্টম আসরের শিরোপা জিতে নিয়েছে দক্ষিণাঞ্চল। পূর্বাঞ্চলের বিপক্ষে পাঁচ দিনের ফাইনাল ম্যাচটা একদিন হাতে রেখেই তারা জিতেছে ইনিংস ও ১০৫ রানের ব্যবধানে। সব মিলে এ নিয়ে পঞ্চমবারের মতো শিরোপা পেল দলটি।
মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পূর্বাঞ্চলকে ৩৫৪ রানের লক্ষ্য ছুড়ে দেয় দক্ষিণাঞ্চল। যা তাড়া করতে নেমে ২৪৮ রানে থামে পূর্বাঞ্চলের ইনিংস।
দলটির পক্ষে মাহমুদুল হাসান সর্বোচ্চ ৮১ রান করেন। জাকির হাসান ৪২ রান করেন। দক্ষিণাঞ্চলের পক্ষে শফিউল ইসলাম ও মেহেদী হাসান ৩টি করে উইকেট নিয়েছেন। জোড়া উইকেট নেন ফরহাদ রেজা।
আগের দিনের ৮ উইকেটের ১২৫ রান নিয়ে নতুন দিনের খেলা শুরু করেছিল দক্ষিণাঞ্চল। আর ১৫ রান যোগ করেই থামে দলটির দ্বিতীয় ইনিংস। তবে প্রথম ইনিংসে বড় লিড নেওয়ায় পূর্বাঞ্চলকে বড় লক্ষ্য দিতে পারে তারা। দক্ষিণাঞ্চলের ৪৮৬ রানের বিপরীতে পূর্বাঞ্চল প্রথম ইনিংসে করেছিল ২৭৩ রান।
ম্যাচসেরা হয়েছেন ফরহাদ রেজা। প্রথম ইনিংসে অপরাজিত সেঞ্চুরি হাঁকিয়েছিলেন দক্ষিণাঞ্চলের এই অলরাউন্ডার।
আসরের সেরা ব্যাটসম্যান হয়েছেন দক্ষিণাঞ্চলের এনামুল হক বিজয়। ৪ ম্যাচে ২ সেঞ্চুরি ও ৩ ফিফটিসহ ৫০১ রান করেছেন তিনি। সেরা বোলার হয়েছেন একই দলের আব্দুর রাজ্জাক। ৪ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন অভিজ্ঞ এই স্পিনার।



