রাজনীতিশিরোনাম

আওয়ামী লীগের অবস্থা চায়ের দোকানের মতো-আলাল

ক্ষমতাসীন আওয়ামী লীগের বর্তমান অবস্থা ‘চায়ের দোকানের মতো’ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও যুবদলের সাবেক সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
তিনি বলেছেন, ‘যারা অবৈধভাবে দেশ চালাচ্ছেন তাদের অবস্থা চায়ের দোকানের মতো। অনেক চায়ের দোকান কিংবা রেস্টুরেন্টে লেখা দেখবেন- এখানে রাজনৈতিক আলাপ নিষেধ। কিন্তু ওই দোকান কিংবা রেস্টুরেন্টের মালিক যখন আসে তখন সে নিজেই রাজনৈতিক আলাপ শুরু করে দেয়। আওয়ামী লীগের এখন সেই অবস্থা। তারা নিজেরা সব করবে, কিন্তু অন্যকে করতে দেবে না।’
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ নাগরিক অধিকার আন্দোলন ফোরামের উদ্যোগে ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আলাল বলেন, ‘গণতন্ত্র ও ভোটের অধিকার পারস্পারিক সম্পর্কযুক্ত। এই অধিকারগুলোর জন্য কিছু পৃষ্ঠপোষক থাকে, কিছু প্রতিষ্ঠান থাকে রাষ্ট্রে। একে একে সেই প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দেওয়া হয়েছে। মানুষের মেরুদণ্ডগুলোকে মাখনের মেরুদণ্ডে পরিণত করা হয়েছে।’
তিনি বলেন, ‘অবৈধ টাকা-পয়সার সুযোগ-সুবিধা দিয়ে যা দুর্নীতি করা যায় তা করে নিচ্ছে সরকার। তার প্রমাণ হলো নির্বাচন কমিশন, বিচার বিভাগ ও রাষ্ট্রের অন্যতম প্রশাসনিক প্রতিষ্ঠানগুলো। এসবের বিরুদ্ধে সবচেয়ে প্রতিবাদী কণ্ঠ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে গত দুই বছর ধরে কারাগারে বন্দি করে রাখা হয়েছে।’
আলাল বলেন, ‘যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন তাঁর উত্তরসূরিকে কারাগারে বন্দি করে রেখেছে। এর কারণ হলো তিনি ভোটাধিকারের কথা বলেন, গণতন্ত্রের কথা বলেন।’
তিনি আরও বলেন, ‘২০১৮ সালের ভোট ডাকাতির নির্বাচনের নির্বাচিত একজন এমপি, বাবলু তার নাম। কুয়েতের সিআইডি পুলিশ হয় তাকে বন্দি করেছে অথবা কোথাও সে আশ্রয় নিয়েছে বা পালিয়ে গেছে। দুর্নীতির বিশাল অপরাধে ও মানবপাচারের অপরাধে পুলিশ তাকে খুঁজছে।’
আলাল আরও বলেন, ‘ধর্ষণ আজ মহামারি আকার ধারণ করেছে। প্রতিদিন পত্রিকায় যেভাবে ধর্ষণ খুনের সংবাদ আসছে তাতে মায়েরা বোনেরা শিউরে ওঠে। অথচ প্রতিরোধ ব্যবস্থা কমে যাচ্ছে। এভাবে দেশ চলতে পারে না।’
আয়োজক সংগঠনের সহ-সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ ও বিলকিস ইসলাম প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button