জাতীয়শিরোনাম

‘ভোটাররা আস্থার সংকটে ভুগছেন’

ভোটাররা আস্থার সংকটে ভুগছেন বলে মন্তব্য করেছেন ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।
রোববার (২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে ইলেকশন মনিটরিং ফোরাম ও সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
মোহাম্মদ আবেদ আলী বলেছেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন শতভাগ ত্রুটিমুক্ত হয়নি। তবে নির্বাচনে অংশগ্রহণ প্রতিদ্বন্দ্বিতামূলক, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল ছিল।
তিনি বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে। সার্বিক ভোটগ্রহণের হার ২৮ থেকে ৩০ শতাংশ, যা পর্যবেক্ষক নির্বাচন কমিশন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্ণয় করা হয়েছে।
দুই দলের আন্তরিকতা থাকলে আরও ভোটার কেন্দ্রে আসতেন বলেও দাবি করেন ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাহী পরিচালক।
তিনি বলেন, কিছু কিছু এলাকায় প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ আনা হলেও মাঠ পর্যায়ে সংস্থার পর্যবেক্ষকরা সরাসরি তেমন কোনো দৃশ্য দেখতে পায়নি। তবে কয়েকটি এলাকায় নির্বাচন কেন্দ্র করে কিছু গোলযোগের খবর পাওয়া গেছে।
ইলেকশন মনিটরিং ফোরামের নির্বাচনপূর্ব পর্যবেক্ষণে দেখা গেছে, এসব গোলযোগের অধিকাংশই সরকার বা বিরোধী দল সমর্থিত ও বিদ্রোহী ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘটিত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button