অপরাধশিরোনাম

মাদক পাচারের দীর্ঘতম সুড়ঙ্গ

মেক্সিকো সীমান্তে দীর্ঘতম একটি চোরাচালান সুড়ঙ্গের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ক্যালিফোর্নিয়ার স্যান ডিয়েগো শহরের ওই সুড়ঙ্গটি এ যাবতকালে খুঁজে পাওয়া সুড়ঙ্গগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘ বলে জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
প্রায় দেড় কিলোমিটারেরও বেশি দৈর্ঘ্যরে ওই সুড়ঙ্গটি নিয়ে প্রতিবেদনে চমকপ্রদ সব তথ্য দিয়েছে বিবিসি। সেখানে বলা হয়, সুড়ঙ্গটিতে লিফট, রেলপথ, পয়ঃনিষ্কাশন ও উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ সংযোগ রয়েছে। ভূমি থেকে এর গড় গভীরতা ২১ মিটার। সাড়ে ৫ ফুট উচ্চতার ওই সুড়ঙ্গটির প্রস্থ ২ ফুট। তবে এটির নির্মাণকাল সম্পর্কে কিছুই জানা যায়নি। সুড়ঙ্গটি দিয়ে স্যান ডিয়েগো শহর থেকে মেক্সিকো সিটির টিজুয়ানা পর্যন্ত যাওয়া যায়। এ ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক করা যায়নি। এমনকি কোনো ধরনের মাদক বা অন্য কোনো দ্রব্য খুঁজে পাওয়া যায়নি।
জানা যায়, গত বছর আগস্ট মাসে মেক্সিকান কর্মকর্তারা সুড়ঙ্গটির প্রবেশমুখ আবিষ্কার করেছিলেন। পরবর্তীকালে মার্কিন কর্মকর্তারা তদন্ত করে এর অবস্থান ও বিস্তারিত তথ্য উদ্ধার করেন। অবশেষে স্থানীয় সময় গত বুধবার এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমের সামনে কথা বলেন তারা।
মার্কিন কর্মকর্তারা জানান, মেক্সিকোর সিনালোয়া কার্টেল বিশ্বের অন্যতম বৃহৎ একটি মাদক পাচারকারী সংস্থা হিসেবে পরিচিত। যার প্রতিষ্ঠাতা ও দীর্ঘদিনের নিয়ন্ত্রক জোয়াকিন এল চ্যাপো গুজম্যান বর্তমানে আমেরিকার কারাগারে বন্দি রয়েছেন। ওই সংস্থাটিও এ অঞ্চলে মাদক পাচার করত। কিন্তু তারা এ সুড়ঙ্গটি ব্যবহার করত কি না, তদন্তসাপেক্ষে সেটি বলা যাবে।
সান ডিয়েগোর হোমল্যান্ড সিকিউরিটি তদন্ত দলের ভারপ্রাপ্ত বিশেষ এজেন্ট কার্ডেল মোরান্ট এক বিবৃতিতে বলেন, ‘পরিশীলতা ও দৈর্ঘ্য বিবেচনায় বিশেষ এই সুড়ঙ্গটির খোঁজ পাওয়া অসামান্য একটি অনুসন্ধান বলা চলে। মাদক ও অন্যান্য দ্রব্যাদি চোরাচালানের সুবিধার্থে আন্তঃদেশীয় অপরাধ সংস্থাগুলোর এটি একটি সময়োপযোগী প্রচেষ্টা।’
এর আগে ২০১৪ সালে স্যান ডিয়েগোতে একটি দীর্ঘ সুড়ঙ্গের সন্ধান পেয়েছিল যুক্তরাষ্ট্র। ৩২৫৯ ফুটের ওই সুড়ঙ্গ দিয়ে যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে মাদক পাচার করা হতো।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button