জাতীয়শিরোনাম

৩০ শতাংশ বাড়ানোর দাবি সরকারি কর্মচারীদের

দ্রব্যমূল্যের বাজার বিবেচনায় সরকারি কর্মচারীদের বেতন ৩০ শতাংশ বৃদ্ধি করার দাবি জানিয়েছে সরকারি কর্মচারীদের একটি সংগঠন। একই সঙ্গে বেতন কমিশনের পাঁচ বছর পূর্তিতে নবম বেতন কমিশন গঠনসহ নয় দফা দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে জাতীয় প্রেসক্লাবে সম্মেলন করে এই দাবি জানায় ‘বাংলাদেশ ১৬-২০ গ্রেড সরকারি কর্মচারী সমিতি’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দাবিগুলো তুলে ধরেন সমিতির সভাপতি মোহাম্মদ আলী।
বক্তব্যে বলা হয়, সরকারি কর্মচারীদের জন্য ২০১৫ বেতন কমিশনের মাধ্যমে বেতন বৃদ্ধি করা হয়। কিন্তু বিদ্যুৎ, পানি, গ্যাস ও দ্রব্যমূল্যের বাজার বৃদ্ধি পাওয়ায় কর্মচারীদের জন্য স্বল্প বেতনে জীবন যাপন করা দুরূহ হয়ে পড়েছে। এ পরিপ্রেক্ষিতে ৩০ শতাংশ বেতন বৃদ্ধিসহ নবম বেতন কমিশন গঠন করা দরকার।
সংবাদ সম্মেলনে সিলেকশন গ্রেড বা টাইমস্কেল পুনর্বহাল অথবা বর্তমান নিয়ম অনুযায়ী ৪ বছর, ৮ বছর ও ১২ বছর পূর্তিতে উচ্চতর স্কেল দেওয়ার দাবিও জানানো হয়। সংগঠনটির অন্যান্য দাবি হলো- আগের মতো শতভাগ পেনশন উত্তোলনের সুবিধা দেওয়া, সুদবিহীন গৃহঋণ, ব্লক পদ (পদোন্নতি নেই যে পদে) বিলুপ্ত করে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে পদোন্নতির ব্যবস্থা করা, আউটসোর্সিং নিয়োগ প্রক্রিয়া বাতিল করা ইত্যাদি।
সমিতির সভাপতি মোহাম্মদ আলী সম্মেলনে বলেন, ইতিমধ্যে এসব দাবি নিয়ে দুই দফায় সরকারের সংশ্লিষ্ট দপ্তরে জানানো হয়েছে। আমাদের দাবিগুলো কেউ প্রধানমন্ত্রীর নজরে তুলে ধরেন না। তবে তিনি আশা করেন, এসব সমস্যার সমাধান হবে।
মোহাম্মদ আলী বলেন, প্রধানমন্ত্রী অনেক দয়ালু, তার কাছে তুলে ধরলে হয়তো এসব সমস্যার সমাধান হবে।
সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক মো. আবু সায়েমসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button