স্বাস্থ্য অধিদপ্তরের অধীনে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে পাশ করা কয়েক শত মেডিকেল টেকনোলজিস্ট তাদের ৫ দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানিয়ে অবস্থান ধর্মঘট পালন করেছেন।
সোমবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সমবেত হয়ে তারা অবস্থান ধর্মঘট পালন করেন। এসময় তারা স্বাস্থ্য বিভাগ কর্তৃক অস্বচ্ছ প্রক্রিয়ায় ১৮৩ জন মেডিকেল টেকনোলজিস্টকে সরাসরি স্থায়ী নিয়োগের সুপারিশ বাতিলসহ ২০ হাজার বেকার মেডিকেল টেকনোলজিস্টকে নির্বাহী আদেশে এডহক ভিত্তিতে নিয়োগের দাবি জানান।
অবস্থান ধর্মঘটে বক্তারা প্রধানমন্ত্রীর নির্দেশ মতো ১২০০ মেডিকেল টেকনোলজিস্ট পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং বিধি মোতাবেক নিয়োগ, সুপ্রিম কোর্টের আদেশ এবং আন্তঃমন্ত্রণালয় কমিটির সুপারিশ মোতাবেক ওয়ান আমব্রেলা কনসেপ্ট বাস্তবায়ন এবং মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কারিগরি শিক্ষাবোর্ড থেকে পাশ করাদেরকে স্বাস্থ্য বিভাগে নিয়োগ না দেওয়ার দাবি জানান। অবিলম্বে ৫ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।
অবস্থান ধর্মঘটে সভাপতিত্ব করেন বিপিএসএমটিএ’র সভাপতি মো. শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন মহাসচিব সিরাজুল ইসলাম, সাবেক ছাত্র নেতা হেদায়েতুল ইসলাম শিবলী, শিবলুর রহমান, আব্দুল জলিল, রিপন কুমার, শাকিল উদ্দিন প্রমুখ।




