জাতীয়শিরোনাম

টিএসসি থেকে কুর্মিটোলা পর্যন্ত ধর্ষণবিরোধী গণপদযাত্রার ঘোষণা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে টিএসসি থেকে কুর্মিটোলা পর্যন্ত গণপদযাত্রার ঘোষণা দিয়েছে যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোট। আগামী ১১ জানুয়ারি বিকেল ৩টায় এই পদযাত্রা শুরু করবে প্ল্যাটফর্মটি। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিকালে শাহবাগে এক গণঅবস্থান থেকে এই ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক শিবলী হাসান।
যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ও বাংলাদেশ কুয়েত মৈত্রী হল ছাত্র সংসদের ভিপি সুস্মিতা দে বলেন, নারীর প্রতি যৌন সহিংসতা বন্ধে সরকারের পাশাপাশি সামাজিকভাবেও আমাদের সকলের কাজ করতে হবে। অন্যথায় এই নিপীড়ন বন্ধ করা সম্ভব না।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সহ-সাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম নারীর প্রতি সকল ধরণের সহিংসতা বন্ধে সাংস্কৃতিক চর্চা ও শিক্ষার উপর জোর দেন। তিনি বলেন, শুধু প্রশাসন নয়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, নিপীড়নের বিরুদ্ধে ও নিপীড়কের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হবে। যৌনসন্ত্রাস রোধে মানুষের মধ্যে শিক্ষা ও সাংস্কৃতিক জাগরণ জরুরি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মেজবাহ কামাল বলেন, নারীর নিরাপত্তা নিশ্চিতে ব্যক্তিশুদ্ধিতা দরকার, দরকার আইনের যথাযথ প্রয়োগ, অন্যথায় এমন বর্বরতা কখনও বন্ধ হবে না। মানুষের মধ্যে যদি হিংস্রতা থাকে, বর্বরতা থাকে তাহলে নারীর প্রতি নির্যাতন বাড়বেই। তাই সুশাসন নিশ্চিত ও সামাজিক শিক্ষার প্রতি তিনি গুরুত্ব দিয়ে হবে।
যৌন নিপীড়নবিরোধী শিক্ষার্থীজোটের আহ্বায়ক শিবলী হাসান শিক্ষাপ্রতিষ্ঠানে যৌনশিক্ষা বাধ্যতামূলক করার প্রতি জোর দেন। তিনি বলেন, শিশু কিশোরদের বডি পার্টস সম্পর্কে সম্যক ধারণা দেওয়া এবং ‘ব্যাড টাচ, গুড টাচের’ শিক্ষা তাদের দিতে হবে। বাংলাদেশের সামাজিক বাস্তবতায় এখনও অনেক শব্দ উচ্চারণে আমরা ইতস্তত করি। পাঠ্যপুস্তকে যৌনশিক্ষা বিষয়ক অধ্যায় জুড়ে দেওয়ার পরও দেখা গেছে শ্রেণিকক্ষে সেসব অধ্যায় শিক্ষকরা পড়াচ্ছেন না। শিক্ষার্থীদেরকে বাড়িতে গিয়ে এসব অধ্যায় পড়ার পরামর্শ দিচ্ছেন। এক্ষেত্রে সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের আলাদাভাবে সরকারের পক্ষ থেকে সচেতন করতে হবে, অভিভাবকদেরও সচেতন হতে হবে।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, ফিল্ম মেকার অপরাজিতা সংগীতা, মানবাধিকার কর্মী জাকিয়া সুলতানা, জাসদ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাহাত, ছাত্রলীগ নেতা বিদ্যুদ্বিকাশ মজুমদার অপুসহ আরও অনেকে।
রোববার সন্ধ্যার পর কুর্মিটোলা বাস স্টপেজের কাছে বিমানবন্দর সড়কের পাশের ফুটপাত থেকে তুলে পাশের ঝোপে নিয়ে ধর্ষণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রীকে। বিশ্ববিদ্যালয়ের বাস ক্ষণিকায় ক্যাম্পাস থেকে উঠে এক বান্ধবীর বাড়ি যেতে কুর্মিটোলায় নেমেছিলেন ওই তরুণী। ধর্ষণের শিকার হওয়ার পর মধ্যরাতে তাকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button