উপমহাদেশশিরোনাম

ভারতের এনপিআর ম্যানুয়ালে বাদ মুসলিমদের উৎসব তালিকা

হিন্দু, খ্রিস্টান-সহ বিভিন্ন ধর্মের উৎসবের তালিকা রয়েছে। রয়েছে দুর্গাপুজো থেকে বড়দিন, বুদ্ধ পূর্ণিমা থেকে নানক জয়ন্তী, মহর্ষী দয়ানন্দ সরস্বতী জয়ন্তী থেকে ছটপুজো। আছে গান্ধী জয়ন্তী, স্বাধীনতা দিবস বা ইংরেজি নববর্ষের উল্লেখও। নেই শুধু মুসলিমদের কোনো ধর্মীয় উৎসবের উল্লেখ। ভারতের ন্যাশনাল পপুলেশন রেজিস্টার (এনপিআর)’র সদ্য প্রকাশিত ম্যানুয়ালে এই বিস্ময়কর ধর্মীয় বৈষম্যের বিষয়টি নজরে আসতেই শুরু হয়েছে সমালোচনা। তবে এ ক্ষেত্রে বর্তমান নরেন্দ্র মোদী সরকার একা কাঠগড়ায় নয়। এর আগে, ২০১১ সালে মনোমোহন সিংহের জমানায় যে এনপিআর ম্যানুয়াল প্রকাশিত হয়েছিল, তাতেও কোনো মুসলিম ধর্মীয় উৎসবের উল্লেখ ছিল না।
ভারতের ধর্মীয় জনসংখ্যার নিরিক্ষে হিন্দুদের পরেই মুসলিমরা। ৩৭ পাতার এনপিআর ম্যানুয়ালের ৩২ নম্বর পাতায় অ্যানেক্সার ৫-এ দেশের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসবের একটি তালিকা দেয়া হয়েছে। সেখানে হিন্দু ছাড়াও বৌদ্ধ-খ্রিস্টান-শিখ ইত্যাদি বিভিন্ন ধর্মের উৎসবের সময়কাল উল্লেখ করা হয়েছে। কিন্তু জনসংখ্যায় দ্বিতীয় স্থানে থাকা মুসলিমদের কোনো উৎসব বা স্মরণীয় দিন বা তিথির উল্লেখ নেই। কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি সমরেশ বন্দ্যোপাধ্যায়ের মতো আরও অনেকেই এর মধ্যে ধর্মীয় বিভাজন বা বৈষম্য দেখতে পাচ্ছেন।
এনপিআর ম্যানুয়ালে ধর্মীয় উৎসব বা রীতির উল্লেখ কেন রয়েছে?
২০১১ সালের এনপিআর ম্যানুয়ালে তার কোনো ব্যাখ্যা দেয়া ছিল না। ২০২০ সালের এপ্রিল মাস থেকে ভারতজুড়ে এনপিআর-এর জন্য তথ্য সংগ্রহের কাজ শুরু করতে চায় কেন্দ্র। সেই তথ্য সংগ্রহের সময় জন্ম তারিখ এবং স্থানের কথা জানাতে হবে ভারতের বাসিন্দাদের। এ বারে ওই তালিকার ব্যাখ্যা দেয়া হয়েছে, অনেকেই নিজের জন্মের দিন ক্ষণ সঠিক মতো বলতে পারেন না। সে জন্য বড় কোনো ঐতিহাসিক ঘটনা অথবা বিভিন্ন সম্প্রদায়ের উৎসব বা ধর্মীয় রীতির কথা মনে করিয়ে সম্ভাব্য জন্মতথ্য নথিবদ্ধ করার প্রচলন রয়েছে ওই ম্যানুয়ালে। আর প্রশ্নটা উঠছে এখানেই। ভারতে বসবাসকারী কোনো মুসলমান যদি তার জন্মের দিন ক্ষণ না জানেন বা ভুলে গিয়ে থাকেন, তাদের উৎসব বা রীতির কথা মনে করিয়ে এনপিআর-এ জন্মতথ্য নথিবব্ধ করার দায় কি নিতে চাইছে না কেন্দ্র? কেউ যদি অন্য ধর্মের উৎসব বা অনুষ্ঠানের কথা মনে করতে না পারেন, তা হলে কি ওই ব্যক্তির বিষয়ে ‘সম্পূর্ণ তথ্য’ থাকবে না এনপিআর-এ?
কলকাতা হাইকোর্টের সাবেক বিচারপতি এবং পশ্চিমবঙ্গের প্রথম লোকায়ুক্ত (লোকায়ুক্ত বিল হল মুখ্যমন্ত্রী সহ রাজ্যের যেকোনো নেতা মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি তদন্ত বিষয়ক বিল) সমরেশ বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘ওই ম্যানুয়ালে যে ভাবে নথি সংগ্রহের কথা বলা রয়েছে, তার বাইরে গিয়ে কারও পক্ষে তথ্য সংগ্রহ করা সম্ভব নয়। ফলে কোনও মুসলমানের বাড়িতে গিয়ে যদি দেখা যায়, তিনি তার জন্মের বছর, মাস বা দিন মনে করতে পারছেন না, তাকে অন্য কোনো উৎসব বা অনুষ্ঠানের বিষয়টি মনে করানো হবে। তার ধর্মের উৎসবের বিষয়টি মনে করানো হবে না। এটা কি ধর্মীয় বিভাজন নয়?’ তিনি আরও বলেন, ‘দেশের কোনো ধর্ম নেই। রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ। এখানে যেন ফের একবার বিভাজন হয়ে যাচ্ছে। সংবিধানে জাত-পাতের বিষয়ে উল্লেখ নেই। এনপিআরের ম্যানুয়ালে কেন মুসলিম ধর্মের উৎসবের উল্লেখ থাকবে না? অত্যন্ত উদ্বেগের বিষয়।’
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ)-এর প্রতিবাদে ইতিমধ্যেই বিরোধীরা এক জোট হতে শুরু করেছে। সংশোধিত এই আইন ভারতীয় সংবিধানবিরোধী বলেও দাবি করেছেন অনেকে। ‘ধর্মের’ ভিত্তিতে কোনো আইন কার্যকর করা ঠিক নয় বলে তোপ দাগতে শুরু করেছে বিরোধীরা। এ বার এনপিআর ম্যানুয়ালে মুসলিমদের উৎসব-রীতি বাদ পড়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা হয়েছে বলে মনে করছে তারা।
এনপিআর-এর মাধ্যমে তথ্য সংগ্রহের ক্ষেত্রে ২১টি বিষয়ে জানতে চাওয়া হবে। সেখানে জন্ম সংক্রান্ত তথ্যও প্রয়োজন। কিন্তু অনেকেই ঠিক মতো তাদের জন্মের দিন ক্ষণ বলতে পারেন না। সে কারণে বড় কোনও ঘটনার কথা মনে করিয়ে তাদের জন্মের বিষয়টি জানতে চাওয়ার কথা বলা রয়েছে ম্যানুয়ালে। তাতে বলা হয়েছে, যদি কেউ জন্মের দিন এবং মাসের কথা মনে করতে না পারেন, তা হলে তার জন্মের বছর উল্লেখ করলেই হবে। কিছু ক্ষেত্রে ইংরেজি ক্যালেন্ডার অথবা বিভিন্ন ভাষাভাষীর বা সম্প্রদায়ের আলাদা ক্যালেন্ডারে উল্লেখ্যযোগ্য উৎসব এবং ঘটনা মনে করিয়েও জন্ম সংক্রান্ত তথ্যের বিষয়টি জানা যেতে পারে। এ বিষয়ে সবিস্তারে বলা হয়েছে ওই ম্যানুয়ালে। সেখানে উদাহরণ স্বরূপ বলা হয়েছে, অনেকেই জন্মের তারিখ বা মাস ভুলে যেতে পারেন। সে ক্ষেত্রে যদি তার জন্মের বছর মনে থাকে, তা হলে তাকে জিজ্ঞেস করতে হবে, তিনি বর্ষা কালের আগে জন্মেছিলেন, না পরে? যদি জবাব হয়, বর্ষার আগে বা পরে জন্মেছিলেন, তা হলে তার কাছে জানতে চাওয়া হবে, তার কোনো উৎসবের দিন ক্ষণ মনে পড়ছে কি না। ওই উৎসবের তালিকায় নিউ ইয়ার, গুরু গোবিন্দ সিংহ জয়ন্তী, মকর সংক্রান্তি, শিবরাত্রি, ভাইফোঁটা, ছট পুজো, বুদ্ধ পূর্ণিমা, গুড ফ্রাইডের মতো বিভিন্ন ধর্মালম্বীদের উৎসব রয়েছে। তিনি যদি ওই তালিকার থাকা কোনো উৎসবের কথা মনে করতে পারেন, তা হলে ওই দিনটিকে উল্লেখ করে তার জন্মের মাস এবং দিন হিসাবে ধরে নিতে হবে।
এখানেই প্রশ্ন উঠতে শুরু করেছে, অন্যান্য ধর্মীয় সম্প্রদায়ের বিভিন্ন উৎসবের কথা মনে করিয়ে তার জন্মের বিষয়টি লিপিবদ্ধ করানোর কথা বলা হলেও, কেন মুসলমানদের কোনো উৎসব বা অনুষ্ঠানের বিষয়ের উল্লেখ নেই ম্যানুয়ালে? কোনো মুসলমানের কাছে তো, তার ধর্মীয় উৎসবের বিষয়টি মনে থাকাই স্বাভাবিক। ফলে এই ক্ষেত্রে মুসলামানদের বঞ্চিত করা হচ্ছে বলেই মনে করছেন অনেকে। এরপিআর-এর সাথে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) আইনের মিলও খুঁজে পাচ্ছেন কেউ কেউ। তাদের মতে ওই আইনে (২০১৪-র ৩১ ডিসেম্বর বা তার আগে) আফগানিস্তান, পাকিস্তান ও বাংলাদেশ থেকে যাঁরা এ দেশে এসেছেন, তারা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি বা খ্রিস্টান হলে ভারতীয় নাগরিকত্ব পাবেন। মুসলমানদের ক্ষেত্রে সেই ‘সুবিধা’ দেয়া হয়নি। সে ক্ষেত্রেও ধর্মীয় বিভাজন করা হয়েছে বলে মনে করছে বিরোধীরা।
তবে শুধু ধর্মীয় উৎসব বা রীতি নয়, জন্মের বছর মনে না পড়লে, কোনও ঘটনার কথাও মনে করানোর চেষ্টা করবেন তথ্য সংগ্রহে নিযুক্ত সরকারি কর্মীরা। যেমন বন্যা, ভূমিকম্প, প্রথম বিশ্বযুদ্ধ, ডান্ডি অভিযান (১৯৩০), স্বাধীনতার বছর (১৯৪৭), ভারত-চিন যুদ্ধ (১৯৬২)-সহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনার কথা বলতে পারলেও, সেই তথ্য জন্মসাল হিসাবে এনপিআর-এ লিপিবদ্ধ করা হবে।
২০১০ সালে প্রথম এনপিআর-এর মাধ্যমে ‘ডেটা’ সংগ্রহ করার প্রক্রিয়া শুরু হয়। তখন কেন্দ্রে ক্ষমতায় ছিল কংগ্রেস নেতৃত্বাধীন ইউএপিএ সরকার। ওই সময় যে ম্যানুয়াল বানানো হয়েছিল, সেখানে মুসলমানদের কোনও উৎসব-রীতির উল্লেখ ছিল না। ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর, সেই অসম্পূর্ণ কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়। সেটা ২০১৫ সাল। পশ্চিমবঙ্গ-সহ বেশ কয়েকটি রাজ্যে এনপিআর-এর কাজ হয়েছে। ফের এক বার ২০২০ সালের এপ্রিল মাসে শুরু হতে চলেছে এনপিআর কর্মসূচি।
২০০৩ সালে অটলবিহারী বাজপেয়ী তখন ভারতের প্রধানমন্ত্রী। সেই সরকারের আমলে নাগরিকত্ব আইন (১৯৫৫) সংশোধিত হয়। নতুন সংশোধিত আইনের বিধি তৈরির সময় ‘ন্যাশনাল আইডেন্টিটি কার্ড’, ‘এনপিআর’ এবং ‘এনআরআইসি’-র উল্লেখ করা হয়। বিধি তৈরি হওয়ার পর ‘ন্যাশনাল আইডেন্টিটি কার্ড’ তৈরিতে তৎপর হয় বাজপেয়ী সরকার। এনপিআর নিয়েও চলে চিন্তাভাবনা। কিন্তু ২০০৪-এর নির্বাচনে হেরে যায় বিজেপি তথা এনডিএ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ-১ সরকার ক্ষমতায় আসার পর ফের এরপিআর প্রক্রিয়া শুরু হয়। দ্বিতীয় ইউপিএ জমানায় ১০ বছর আগে এনপিআর নিয়ে হইচই না হলেও, এখন পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। অসমে জাতীয় নাগরিকপঞ্জি (এনআরসি) কার্যকর হওয়ার পর প্রায় ১৯ লক্ষ মানুষের নাম বাদ গিয়েছে। গোটা দেশে যদি এনআরসি কার্যকর করে কেন্দ্র, তা হলে অনেকেই ‘নাগরিকত্ব’ হারানোর ভয় পাচ্ছেন। যে হেতু এনআরসি-র প্রাথমিক ধাপ হিসাবে এনপিআরকে ধরে নিচ্ছেন অনেকেই, তাই মুসলমানদের উৎসবের বিষয়টি বাদ যাওয়ায়, ওই সম্প্রদায়ের অনেকেই ভয় পাচ্ছেন। এনপিআর ম্যানুয়ালে মুসলমানদের উৎসব-রীতি বাদ দেওয়ায় বিরোধীরা নতুন করে সরকার বিরোধী ‘অস্ত্র’ পেলেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও কংগ্রেসের পক্ষে এই বিষয়ে কিছু বলা বেশ অস্বস্তিদায়ক। কারণ, এই ম্যানুয়ালে মুসলমানদের উৎসব-রীতি বাদ পড়ার শুরু তো তাদের আমলেই। সূত্র : আনন্দবাজার

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button