
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বাংলা শিখছেন। রীতিমতো বাড়িতে শিক্ষক রেখেছেন তিনি।
স্থানীয় সংবাদমাধ্যম আজকাল জানায়, ২০২১ সালের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে গোটা পশ্চিমবঙ্গ। এখন থেকেই তার প্রস্তুতি নিচ্ছেন অমিত শাহ।
সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, অমিত নাকি বাংলা শিখছেন। যাতে ভোট পূর্ববর্তী প্রচারে ভাষা কোনোভাবেই বাধা না হয়ে দাঁড়ায়। জনসভায় এসে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে আরও একাত্ম হয়ে কথা বলতে চান তিনি।
বাংলায় কথা বলে স্থানীয়দের চমক দেওয়ার কথা ভাবছেন। সেই লক্ষ্যে তিনি নাকি একজন বাংলার শিক্ষককেও নিয়োগ করেছেন।
গুজরাটি হয়েও ভালো করেই হিন্দি বলতে পারদর্শী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। সংবাদমাধ্যমের দাবি, শুধু বাংলাই নয়, তামিলসহ মোট চারটি ভাষা শিখছেন অমিত শাহ।
সম্প্রতি মহারাষ্ট্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচনে ভালো ফল করতে পারেনি বিজেপি। হরিয়ানায় ভোটের জোট করে সরকার গড়লেও মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডে সরকার গড়তে পারেনি বিজেপি। তাই পশ্চিমবঙ্গের মতো একটি বড় রাজ্যে বিধানসভা নির্বাচনকে নিশানা করতে চাইছেন অমিত।




