আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা: রীভা গাঙ্গুলী

সংবাদদাতা, ঝালকাঠি : বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস বলেছেন, আতিথেয়তায় বাংলাদেশিরাই সেরা। পারিবারিক পরিবেশে তাদের অভ্যর্থনায় আমরা সবসময় অভিভূত।
রোববার (১৩ অক্টোবর) সকালে ঝালকাঠির ভীমরুলি গ্রামের পেয়ারা বাগান এবং ভাসমান হাট পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের কাছে এ অনুভূতি প্রকাশ করেন ভারতের এ রাষ্ট্রদূত।
এরআগে, সকাল ৮টায় তিনি বরিশাল থেকে ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামে পরিদর্শনে আসেন। সেখানে ডিসি মো. জোহর আলী এবং পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাকে ফুলেল শুভেচ্ছা জানায়।
রাষ্ট্রদূত রীভা গাঙ্গুলী দাস প্রথমে ভীমরুলি গ্রামের সার্বজনীন মন্দির ঘুরে দেখেন। এসময় গ্রামবাসী তাকে উলুধ্বনি আর শাঁখ বাঁজিয়ে বরণ করেন। এরপর তিনি নৌকায় চড়ে ভীমরুলি খালের দুই কিলোমিটার এলাকা ও আশপাশের পেয়ারা অরণ্য এবং ভাসমান হাট-বাজার ঘুরে দেখেন।
পেয়ারা অঞ্চল পরিদর্শন শেষে সকাল ১০টায় ঝালকাঠি সার্কিট হাউজে ভারতের রাষ্ট্রদূত গার্ড অব অনার গ্রহণ শেষে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন।



