মোঃ আব্দুর রব মনসুর,সিরাজগঞ্জ প্রতিনিধি: শোরুম থেকে নতুন কেনা মোটরসাইকেল চালিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজ বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে আব্দুল জলিল ওরফে এরশাদ (৪০) নামের এক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে বগুড়ার শেরপুর উপজেলার শালফা নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল জলিল সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা পশ্চিমপাড়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি ঢাকার সাভারে একটি বেসরকারি কারখানায় এজিএম (অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার প্রিন্সিপাল) পদে কর্মরত ছিলেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের বা ছুটির ফাঁকে বাড়িতে এসে গত ১১ সেপ্টেম্বর শোরুম থেকে একটি নতুন মোটরসাইকেল কেনেন আব্দুল জলিল। শুক্রবার দুপুরে বগুড়ার শেরপুরে নিজের শ্বশুরবাড়ি থেকে ওই মোটরসাইকেলটি চালিয়ে কাজিপুরের নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে শেরপুরের শালফা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তার কাছে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি কার্ড) দেখে তার পরিচয় নিশ্চিত হন এবং তাৎক্ষণিকভাবে স্বজনদের খবর দেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রতিবেশী ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ বিএসসি।
এদিকে এ বিষয়ে যোগাযোগ করা হলে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “ঘটনাটি আমাদের এলাকার সীমানায় না ঘটায় এবং নিহতের পরিবার বা অন্য কেউ থানায় আনুষ্ঠানিকভাবে বিষয়টি না জানানোয় এখনো আমরা এ ধরনের কোনো খবর পাইনি।