দুই গোলে পিছিয়েও হার এড়ালো রিয়াল মাদ্রিদ

চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদ চলতি মৌসুমের প্রথম ম্যাচে পরাজয় দিয়ে শুরু করে। দ্বিতীয় ম্যাচে দুই গোলে পিছিয়ে পড়েও শেষপর্যন্ত হার এড়িয়েছে স্প্যানিশ জায়ান্টরা। শক্তি-সামর্থ্যে পিছিয়ে থাকা বেলজিয়ামের ক্লাব ব্রুগারের বিপক্ষে ম্যাচটি ২-২ গোলে সমতায়ে শেষ করেছে রিয়েল।
নিজেদের মাঠ বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকে রিয়েল মাদ্রিদ। দলটির রক্ষণভাগের দুর্বলতায় পাল্টা আক্রমণ থেকে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যায় ব্রুগার। দুটি গোলই আসে ইমানুয়েল ভেনিসের পা থেকে।খেলার ৯ মিনিটে তাউয়ের ক্রস থেকে পাওয়া বলে আলতো টোকায় বল জালে জড়িয়ে দলকে এগিয়ে দেন ভেনিস। দ্বিতীয় গোলটি পান তিনি ৩৯ মিনিটে।রিয়েলের রক্ষণভাগের ভুল বোঝাবুঝির সুযোগে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান ভেনিস। প্রথমার্ধে অন্তত চারবার গোলের সহজ সুযোগ তৈরি করেও ব্যর্থ হয় রিয়েল।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে আক্রমণ নামে স্প্যানিশ জায়ান্টরা। বেনজেমার নেওয়া ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে জড়িয়ে রামোস ব্যবধান কমান। রিয়ালের জোড়ালো আক্রমণ রুখতে বারবার ফাউলের আশ্রয় নেয় ব্রুগার খেলোয়াড়েরা। খেলার ৮৪ মিনিটে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন রুড ফরমার। ওই ফাউল থেকে পাওয়া ফ্রি কিকেই সমতায় ফেরে স্বাগতিকেরা। ক্রুসের নেওয়া শট থেকে হেডে বল জালে জড়ান ক্যাসেমিরো।
শক্তিতে পিছিয়ে থাকা ব্রুগার ১০ জনের হয়ে আরও দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতার ফাঁকফোকড় কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় ড্রতেই তৃপ্ত থাকতে হয়েছে রিয়েল মাদ্রিদকে।




