
মোঃ ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পিকআপ, মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপসহ চালককে আটক করেছে পুলিশ।
বুধবার (২৬ আগস্ট) সকালে পঞ্চগড়-ঠাকুরগাঁও মহাসড়কের ভূল্লী থানাধীন কচুবাড়ী পোস্ট অফিসপাড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন ভূল্লী উপজেলার বড় বালিয়া এলাকার আনোয়ারা বেগম (৪৫)। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
আহতরা হলেন মোটরসাইকেলচালক হারুনুর রশিদ (৩৮), অটোরিকশাচালক সাহিরুল ইসলাম (২৩), জরিনা (৪০) এবং মো. শফিকুল ইসলাম। তাদের মধ্যে হারুনুর রশিদ ও সাহিরুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকা থেকে পঞ্চগড়গামী একটি মালবাহী পিকআপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ব্যাপক আতঙ্ক সৃষ্টি হয়।
দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় পিকআপচালক মো. হাবিবুর রহমান (২৪)-কে পিকআপসহ আটক করেছে পুলিশ।
ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।




