
সংবাদদাতা, গাজীপুর : গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন কারখানার ছয়তলার গুদামে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আতিকুর রহমান জানান, ধীরাশ্রম এলাকায় মাইওয়ানের মিনিস্টার ফ্রিজ তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি বলে জানান তিনি।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপপরিচালক মো. মামুনুর রশীদ জানান, ছয়তলা ভবনের মিনিস্টার কারখানার ষষ্ঠতলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনো জানা যায়নি।এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন।




