প্রস্তুতি ম্যাচে হারল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে কাতার বিশ্বকাপ বাছাই ও ২০২৩ এশিয়ান কাপের বাছাই শুরু হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। ১০ সেপ্টেম্বর সে ম্যাচে নামার আগে প্রথম প্রস্তুতি ম্যাচে তাজিকিস্তানের শীর্ষ লিগের দল এএফসি কুকটশের কাছে ২-০ গোলে হেরেছে জেমি ডের শিষ্যরা।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুশানবের পাবলিক সেন্ট্রাল টার্ফ থ্রিতে অনুষ্ঠিত হয় এ ম্যাচ।
স্বাগতিক ক্লাবটি প্রথমার্ধে ১-০ গোলে এগিয়েছিল। ১২ মিনিটে মহিউদ্দিন গোল করে এগিয়ে দেন তাজিকিস্তানের ক্লাবটিকে। ৬৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সবির।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের প্রতিপক্ষ সিএসকেএ পামির। সিএসকেএ পামির তাজিকিস্তানের শীর্ষ লিগে খেলে আসছে ১৯৯৭ সাল থেকে। ক্লাবটিতে তিনজন বিদেশি আছেন ঘানা, মালি ও ইউক্রেইনের।
বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশ খেলছে ‘ই’ গ্রুপে। অন্য চার দল আফগানিস্তান, কাতার, ভারত ও ওমান।




