অবিশ্বাস্যভাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ওয়েস্ট ইন্ডিজ

স্কটল্যান্ডের বুক ভেঙে দিয়ে বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত পর্বে ওঠে গেল ওয়েস্ট ইন্ডিজ। হারারেতে বুধবার অনু্ষ্ঠিত সুপার সিক্সের ম্যাচে বৃষ্টি আইনে স্কটল্যান্ডকে ৫ রানে হারিয়ে দিয়েছে গেইলরা। এর ফলে ফাইনালে স্থান করে নিয়েছে দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
অথচ যেভাবে স্কটল্যান্ড খেলছিল, তাতে তাদেরই ফাইনালে যাওয়ার কথা ছিল। তারা ওয়েস্ট ইন্জিকে মাত্র ১৯৮ রানে অল আউট করে দিয়েছিল। জবাবে তারাও ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল। কিন্তু তবুও তাদের সম্ভাবনা ছিল। ৩৫.২ ওভারে তারা ৫ উইকেটে ১২৫ রান করা অবস্থায় বৃষ্টি নামে। আর তাতেই বাজিমাত ওয়েস্ট ইন্ডিজের।
ওয়েস্ট ইন্ডিজকে স্বল্প রানে বেঁধে ফেলার কৃতিত্ব নিতে পারেন শরিফ ও হুইল। তারা দুজনই ৩টি করে উইকেট পেয়েছেন। শরিফ একেবারে প্রথম বলেই ক্রিস গেইলকে ০ রানে বিদায় করে দিয়েছিলেন। তবে লুইস ৬৬ ও স্যামুয়েলস ৫১ রান করে ওয়েস্ট ইন্ডিজের সম্ভাবনা জিইয়ে রাখেন।
জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ডও বিপদে পড়ে। রোচ ও নার্সের মারাত্মক বোলিংয়ে তারা একের পর এক উইকেট হারাতে থাকে। ব্যারিঙটন সর্বোচ্চ ৩৩ রান করেন। এরছাড়া সানসে ৩২ রানে অপরাজিত থাকেন।
আগামী বছর ইংল্যান্ডে পরবর্তী বিশ্বকাপ ক্রিকেটের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।



