আইন আদালতশিরোনাম

রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী ছাড়া কেউ ভিআইপি নন: হাইকোর্ট

বাংলাদেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ছাড়া আর কেউ ভিআইপি নন, বাকিরা সবাই রাষ্ট্রের চাকর বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বুধবার (৩১ জুলাই) বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ ভিআইপি প্রটোকল প্রসঙ্গে এমন মন্তব্য করেন।
স্কুলছাত্র তিতাস ঘোষের মৃত্যুতে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্ট বিভাগে দায়ের করা রিটের শুনানিতে আদালত এই মন্তব্য করেন।
৩০ জুলাই মঙ্গলবার সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জহির উদ্দিন লিমন।
২৪ জুলাই গত বুধবার মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তিতাস ঘোষ। তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার তাকে নেওয়া হচ্ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা অব্যাহত রেখে দ্রুত ঢাকায় পৌঁছাতে প্রায় ৫০ হাজার টাকায় আইসিইউ সুবিধা সম্বলিত অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়।
তিতাসকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মাদারীপুরের কাঁঠালবাড়ী ১ নম্বর ফেরি ঘাটে পৌঁছায়। ওই সময় একটি ফেরি ঘাটেই ছিল। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের অতিরিক্ত সচিব আব্দুস ছবুর মন্ডল এই ঘাট দিয়ে ফেরি পারাপার হবেন— এমন কারণ দেখিয়ে ফেরিটি ঘাট থেকে ছেড়ে যায়নি।
প্রায় তিন ঘণ্টা পর ফেরিটি ছাড়লেও অন্য প্রান্তে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে থাকা তিতাস মারা যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button