খেলা

ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৪০ শিরোপা জয়

কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে ফাইনালে পেরুকে হারিয়ে শিরোপা জিতেছে ব্রাজিল। রোববার (০৭ জুলাই) দিবাগত রাতে রিও ডি জেনেরিও’র ঐতিহাসিক মারাকানা স্টেডিয়ামে পেরুকে ৩-১ গোলে হারিয়েছে স্বাগতিকরা। এ নিয়ে ৯ম বারের মতো কোপা আমেরিকার শিরোপা জিতল দলটি।
এই শিরোপা দানি আলভেসকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ফুটবল ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে ৪০টি শিরোপা জেতার অবিশ্বাস্য কীর্তির মালিক এখন এই ব্রাজিলিয়ান অধিনায়ক।
ফুটবল ক্যারিয়ারের ক্লাব অধ্যায়ে বার্সেলোনা, জুভেন্টাস ও সেভিয়ার হয়ে ৩টি চ্যাম্পিয়নস লিগ, ৬টি লা লিগা, ৫টি কোপা দেল রে, ৫টি সুপার কোপা, ২টি উয়েফা কাপ, ৪টি উয়েফা সুপার কাপ, ৩টি ক্লাব বিশ্বকাপ, ১টি সিরি আ, ১টি ইতালিয়ান কাপ জেতার স্বাদ পেয়েছেন আলভেস।
সর্বশেষ প্যারিস সেইন্ট জার্মেইয়ের হয়ে জিতেছেন ২টি লিগ ওয়ানের শিরোপা। এছাড়া একই ক্লাবের হয়ে জিতেছেন ২টি ফরাসি সুপার কাপ, ১টি ফরাসি কাপ ও ১টি লিগ কাপ। জাতীয় দলের জার্সিতে এখন পর্যন্ত ২টি কনফেডারেশনস কাপ ও ২টি কোপা আমেরিকার শিরোপা ঝুলিতে পুরেছেন আলভেস।
সবচেয়ে বেশি শিরোপা জেতার রেকর্ডে আলভেসের পরেই আছেন ওলেক্সান্ডার শোভকভস্কি। সাবেক ডায়নামো কিয়েভের ইউক্রেনিয়ান গোলরক্ষকের ঝুলিতে আছে ৩৬টি শিরোপা। আলভেসের সাবেক ক্লাব সতীর্থ ও বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি জিতেছেন ৩৫টি শিরোপা।
৩৪টি শিরোপা নিয়ে চতুর্থ স্থানে আছেন সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড তারকা রায়ান গিগস। ৩৩ শিরোপা নিয়ে যৌথভাবে পঞ্চম স্থানে আছেন বার্সার সাবেক স্প্যানিশ মিডফিল্ডার আন্দ্রেস ইনিয়েস্তা।
সদ্য সমাপ্ত কোপার সেমিফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে দেওয়া ম্যাচের ম্যাচ সেরা নির্বাচিত হয়েছিলেন দানি আলভেস। ফাইনালেও দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে তিনি টুর্নামেন্ট সেরা নির্বাচিত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button